হাথরাসে তরুণীর মৃত্যু: দলবদ্ধ ধর্ষণের অভিযোগ তদন্তে সিবিআই
হাথরাসের যে তরুণীর মৃত্যুতে ভারতজুড়ে অসংখ্য মানুষ প্রতিবাদ-বিক্ষোভে ফেটে পড়েছেন, ১৯ বছর বয়সী সেই নারীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরো (সিবিআই) তদন্ত করে দেখবে বলে জানিয়েছে উত্তর প্রদেশের সরকার।
শনিবার এক বিবৃতিতে তারা একথা জানায় বলে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
চিকিৎসাধীন অবস্থায় গত সপ্তাহে হাথরাসের দলিত ওই তরুণীর মৃত্যুর পর কংগ্রেস এবং সরকারবিরোধী বিভিন্ন রাজনৈতিক দল এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে।
দলিতদের উপর ধারাবাহিক নিপীড়ন-নির্যাতনের বিরুদ্ধে রাজধানী নয়া দিল্লিসহ ভারতের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষ বিক্ষোভও দেখিয়েছে।
ভারতের কয়েকশ বছরের পুরনো বর্ণপ্রথা অনুযায়ী সবচেয়ে নিচু জাত হওয়ায় দলিতরা ব্যাপকভাবে নিষ্পেষিত।
বিশ্বের মধ্যে ভারত নারীদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশগুলোরও মধ্যে অন্যতম। দেশটিতে গড়ে প্রতি ১৫ মিনিটে একটি করে ধর্ষণের ঘটনা ঘটে বলে সরকারি তথ্যেই দেখা যাচ্ছে।
২০১২ সালের ডিসেম্বরে রাজধানী নয়া দিল্লিতে ২৩ বছর বয়সী এক তরুণীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ব্যাপক বিক্ষোভ ও প্রতিবাদের পর ধর্ষণবিরোধী একটি কঠিন আইন হলেও দেশটিতে নারীর উপর নিপীড়ন-নির্যাতন কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না।
হাথরাসে মৃত তরুণীর পরিবারের সঙ্গে কথা বলতে গিয়ে বিরোধী দলের নেতারা এবং বিভিন্ন গণমাধ্যম বার বার বাধার সম্মুখীন হয়েছে। এ নিয়েও তীব্র সমালোচনার মুখে পড়েছেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বিজেপির এ প্রভাবশালী নেতা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘনিষ্ঠ জন।
শনিবার উত্তর প্রদেশের সরকার এক বিবৃতিতে জানায়, হাথরাসকাণ্ডে মৃত তরুণীকে ‘দলবদ্ধ ধর্ষণের’ অভিযোগটি তদন্ত করে দেখতে মুখ্যমন্ত্রী যোগী ভারতের কেন্দ্রীয় তদন্ত ব্যুরোকে (সিবিআই) অনুরোধ করেছেন।
পরিবারের সম্মতি ছাড়াই পুলিশ মৃত ওই তরুণীকে দাহ করেছে, এমন অভিযোগ ওঠার পর ভারতজুড়ে জনঅসন্তোষ আরও বেড়েছে বলে জানিয়েছে রয়টার্স।
পুলিশ কর্মকর্তারা অবশ্য পরিবারের সম্মতি ছাড়া তরুণীকে দাহ করার অভিযোগ অস্বীকার করে আসছেন।
রয়টার্স জানিয়েছেঝ, শনিবার নয়া দিল্লির সঙ্গে হাথরাসের সংযোগ সড়কে কয়েকশ পুলিশ সদস্য ব্যারিকেড দিয়েছিল; তারা মৃত তরুণীর পরিবারের সঙ্গে দেখা করতে চাওয়া সরকারবিরোধী বেশ ক’জন রাজনীতিককেও ফিরিয়ে দেয়।
হাথরাসের নির্মম ঘটনার প্রতিবাদে কলকাতা ও ভুবনেশ্বরে বিভিন্ন রাজনৈতিক দল ও নারী সংগঠন মিছিল করেছে; তারা উত্তর প্রদেশের এ ১৯ বছর বয়সী তরুণী হত্যার সুষ্ঠু বিচার ও দোষীদের শাস্তি দাবি করেছে।
