ভাতিজিকে উত্যক্তের প্রতিবাদ করায় ভারতীয় সাংবাদিক খুন
ভারতের উত্তরপ্রদেশে ভাতিজিকে যৌন হয়রানির ঘটনায় প্রতিবাদ জানিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করায় খুন হয়েছেন এক সাংবাদিক।
একদল লোক সাংবাদিক বিক্রম জোশির মাথায় গুলি করে তাকে হত্যা করেছে।
বুধবার চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে বিক্রমের মৃত্যু হয়। দুইদিন আগে উত্তর প্রদেশের গাজিয়াবাদ জেলায় তিনি হামলার শিকার হয়েছিলেন।
এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৯ জনকে গ্রেপ্তার করেছে বলে জানিয়েছে বিবিসি।
বিক্রমের ভাই সাংবাদিকদের বলেন, পুলিশ সময়মত তার ভাইয়ের অভিযোগ নিয়ে তদন্ত করতে ব্যর্থ হয়েছে এবং সেই সুযোগে অভিযুক্তরা ‘প্রতিশোধ নিতে’ তার ভাইকে হত্যার পরিকল্পনা সাজাতে পেরেছে।
এ ঘটনায় জেলা পুলিশ প্রধান দুই পুলিশ কর্মকর্তাকে বরাখস্ত করেন এবং বিষয়টি তদন্তের নির্দেশ দেন।
বিক্রমের উপর হামলা এবং গুলির পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। অনলাইনে ওই ফুটেজ ছড়িয়ে পড়ার পর গোটা দেশের সাংবাদিক এবং বিক্রমের সহকর্মীরা ক্ষোভ প্রকাশ করেছেন।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, একদল লোক জোর করে বিক্রমের মটরসাইকেল থামায় এবং তাকে মারতে শুরু করে। এক পর্যায়ে তারা বিক্রমের মাথায় গুলি করে। ঘটনায় সময় বিক্রমের ১১ ও ৫ বছর বয়সের দুই মেয়ে তার সঙ্গেই ছিল।
হামলার পর বিক্রমের বড় মেয়ে বাবার পাশে বসে সাহায্য চাইলেও কেউ এগিয়ে আসেনি।
সাংবাদিক মহল এবং বিরোধীদলের নেতারা এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করে রাজ্যের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে।
রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব এক টুইটে বলেছেন, ‘‘এ ঘটনায় লোকজন হতবিহ্বল হয়ে পড়েছে। কিভাবে অপরাধীরা এতটা নির্মমভাবে রাজ্যের আইনশৃঙ্খলা ব্যবস্থাকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর সাহস পায়। সরকারকে এর জবাব দিতেই হবে।”
সাংবাদিকসহ অনেক মানুষ হাসপাতালের সামনে জড়ো হয়ে সরকারের কাছে বিক্রমের পরিবারের জন্য ক্ষতিপূরণ দাবি করেছে। সরকার তাদের দাবি মেনে নিয়ে পরিবারের একজন সদস্যকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।
