২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিকিমে ভারত ও চীনের সৈন্যদের মধ্যে হাতাহাতি

উত্তর সিকিমের ১৬ হাজার ফুট উচ্চতায় চীনের সৈন্যদের সঙ্গে ভারতীয় সৈন্যদের হাতাহাতি হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 May 2020, 04:14 PM

Updated : 08 Apr 2022, 12:45 AM

শনিবারের এ ঘটনায় অন্তত ১৫ থেকে ২০ জন ভারতীয় সৈন্য জড়িত ছিল বলে এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

এ সময় দুই পক্ষের মধ্যে সম্ভবত পাথর ছোড়াছুড়িও হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর সৈন্যরা পুরো ঘটনাটি ভিডিওতে ধারণা করেছে।  

উত্তর সিকিমে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার বিন্যাস নিয়ে ভারত ও চীনের মধ্যে বিরোধ আছে।

রোববার এক বিবৃতিতে ভারতীয় সেনাবাহিনী বলেছে, “দুই পক্ষের আগ্রাসী আচরণের কারণে সৈন্যরা সামান্য আহত হয়েছেন। স্থানীয় পর্যায়ে মুখোমুখি সংলাপের পর দুই পক্ষ নিবৃত্ত হয়। 

“সীমানার বিষয়টি সমাধান না হওয়ায় সীমান্ত রক্ষীদের মধ্যে অস্থায়ী ও স্বল্প মেয়াদী লড়াই হয়েছে। প্রতিষ্ঠিত প্রটোকল অনুযায়ী সেনারা এ ধরনের ইস্যু পারস্পারিক সমঝোতার ভিত্তিতে সমাধান করে থাকে।”        

শেষবার ২০১৭ সালের অগাস্টে এ ধরনের ঘটনা ঘটেছিল। ওই সময় লাদাখ সীমান্তের একটি হ্রদের পূর্ব পাড়ে দুই পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছিল। 

ওই বছরই ডোকলাম মালভূমিতে দুই পক্ষ টানা ৭৩ দিন মুখোমুখি অবস্থান নিয়ে ছিল। চীন ও ভারতের মিত্র ভুটান, উভয়েই এই মালভূমিটির মালিকানা দাবি করে আসছে।