কাশ্মীরে ৩ ভারতীয় আধাসামরিক সৈন্য নিহত
জম্মু ও কাশ্মীরে এক হামলায় ভারতের সেন্ট্রাল রির্জার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) তিন সদস্য নিহত হয়েছে।
শনিবার বারামুল্লা জেলার সোপোরে শহরে সিআরপিএফ ও পুলিশের একটি চেক পোস্টে ‘সন্ত্রাসীরা’ হামলা চালায় বলে এনডিটিভি জানিয়েছে।
আধাসামরিক বাহিনীটি একটি সাঁজোয়া যানে চালানো ওই হামলায় আরও তিন জওয়ান আহত হয়েছে বলে এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।
“এক সন্ত্রাসী খুব কাছ থেকে গুলি করে তিন জওয়ানকে হত্যা ও সাঁজোয়া যানের চালকসহ আরও দুই জওয়ানকে জখম করে,” বলেন তিনি।
হামলাকারী ‘সন্ত্রাসীদের’ খুঁজে বের করতে একটি তল্লাশি অভিযান শুরু করা হয়েছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, এক সপ্তাহের মধ্যে কাশ্মীর উপত্যকায় ভারতীয় আধাসামরিক বাহিনীর ওপর চালানো তৃতীয় হামলার ঘটনা এটি।
পুলওয়ামায় একই ধরনের আরেকটি চেক পোস্টে শুক্রবারের আরেক হামলায় সিআরপিএফের একজন জওয়ান আহত হয়েছিল বলে জানিয়েছে তারা।
