২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে ২০ এপ্রিল থেকে কৃষিসহ আরোকিছু ক্ষেত্রে ছাড়

ভারতে করোনাভাইরাসের বিস্তার রুখতে লকডাউনের মেয়াদ আগামী ৩ মে পর্যন্ত বাড়নোর পরদিনই কৃষি, ব্যাংক, জন পরিষেবাসহ বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় সরকার।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2020, 10:24 PM

Updated : 08 Apr 2022, 12:37 AM

অর্থনীতিকে সচল করতে ২০ এপ্রিল থেকে এসব ক্ষেত্র লকডাউনের আওতার বাইরে রাখা হবে বলে বুধবার জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রণালয়। এমনকী নিয়ম না মানলে কড়া শাস্তিও হবে বলে জানানো হয়েছে নির্দেশে।

সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখে যেসব ক্ষেত্রে এ ছাড় দেওয়া হচ্ছে সেগুলো হল:

স্বাস্থ্য ক্ষেত্র:

সবরকম স্বাস্থ্য পরিষেবা, ওষুধের দোকান, পশু হাসপাতাল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম তৈরির কাজ লকডাউনের আওতামুক্ত থাকবে।

কৃষি ক্ষেত্র:

·       ২০ এপ্রিলের পর কোভিড-১৯ এর হটস্পট নয় এমন অঞ্চলগুলোতে সরকারি বিজ্ঞপ্তির মাধ্যমে কৃষি পণ্য সংগ্রহ ও কৃষি বিপণনের কাজ চলবে।

·       দুধ, দুগ্ধজাত পণ্য, হাঁস-মুরগি, চা, কফি সরবরাহ, রবার বাগান, লাইভ-স্টক ফার্মিং সহ বেশ কিছু ক্ষেত্রে কাজ শুরু হবে, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, গ্রামাঞ্চলে ১০০ দিনের কাজ প্রকল্প; সেচ প্রকল্প, ভবন এবং শিল্প প্রকল্প চালু থাকবে।

·       সেচ ও পানি সংরক্ষণ কাজ, মৎসচাষ, এ চাষের জন্য প্রয়োজনীয় উপকরণ সরবরাহ এবং পশুদের জন্য আশ্রয়স্থলের ক্ষেত্রে ছাড়।

ব্যাংকিং:

অর্থনৈতিক কর্মকাণ্ড চালিয়ে যেতে ব্যাঙ্ক, এটিএম, বীমা-সহ সংশ্লিষ্ট সব ক্ষেত্র লকডাউনের আওতার বাইরে থাকবে।

সামাজিক ক্ষেত্র:

·       শিশু, মানসিক প্রতিবন্ধী প্রবীণ নাগরিক ও অসহায়দের জন্য হোম এবং সামাজিক দূরত্ব বজায় রেখে, মাস্ক পরে একশ দিনের কাজ প্রকল্প।

জন পরিষেবামূলক ক্ষেত্র:

·       পেট্রোল পাম্প, গ্যাস বিক্রয় কেন্দ্র, ডাক পরিষেবা ও পোস্ট অফিস, পৌরসভা ও স্থানীয় প্রশাসন, টেলিযোগাযোগ ও ইন্টারনেট।

পণ্য পরিবহণ:

·       যে কোনো ধরনের পণ্য পরিবহণ, রেল বিমান ও জাহাজে পণ্য পরিবহণ, প্রয়োজনীয় পণ্য পরিবহনের জন্য স্থলবন্দর ও সব ধরনের ট্রাক চলাচল।

·       বিমান, রেল স্টেশন ও বন্দর সংক্রান্ত কাজের সঙ্গে জড়িত কর্মীদের কাজে যোগ দেওয়ার ক্ষেত্রেও ছাড়। তবে এক্ষেত্রে  সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লিখিত অনুমতি লাগবে।

এসব ক্ষেত্র ছাড়াও অত্যাবশ্যকীয় সব পরিষেবা, অত্যাবশ্যকীয় পণ্য উৎপাদন শিল্প, নির্মাণশিল্প এবং প্রতিরক্ষা খাতের কিছু কিছু ক্ষেত্রও লকডাউনের আওতামুক্ত থাকবে।

ছাড় নেই যেসব ক্ষেত্রে সেগুলো হল: 

·       ভারতজুড়ে বিমান, রেল ও সড়ক যোগাযোগ, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প ও বাণিজ্যিক কাজকর্ম।

·       সিনেমা হল ও থিয়েটার, শপিং মল, ৫ জনের বেশি এক জায়গায় জমায়েত।

·       প্রকাশ্য স্থানে থুথু ফেললে জরিমানা এবং মদ্যপান, তামাক সেবন নিষিদ্ধ।