২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দিল্লি ‘গ্যাস চেম্বার’, শিক্ষার্থীদের জন্য ৫০ লাখ মাস্ক

মারাত্মক বায়ু দূষণ মোকাবেলায় হিমশিম খাওয়া দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ভারতের রাজধানী ‘এখন একটি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে’ বলে মন্তব্য করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Nov 2019, 02:33 PM

Updated : 18 Aug 2022, 06:01 PM

শুক্রবার স্কুল শিক্ষার্থীদের মধ্যে দূষণরোধী মাস্ক বিতরণে গিয়ে তিনি এ মন্তব্য করেন বলে জানিয়েছে এনডিটিভি।

আম আদমি পার্টির এ নেতা দিল্লির বায়ু দূষণের জন্য পার্শ্ববর্তী দুই রাজ্য পাঞ্জাব ও হরিয়ানাকেও দায়ী করেছেন। দুই রাজ্যের প্রশাসন কৃষকদের নাড়া পোড়াতে বাধ্য করায় রাজধানীর এ বেহাল অবস্থা হয়েছে বলেও অভিযোগ করেছেন তিনি।

স্কুল শিক্ষার্থীদের পাঞ্জাব ও হরিয়ানার মুখ্যমন্ত্রীর কাছে চিঠি লিখতেও পরামর্শ দিয়েছেন কেজরিওয়াল।

“তোমরা ক্যাপ্টেন আঙ্কেল ও খাট্টার আঙ্কেলের কাছে চিঠি লিখতে পারো। বলতে পারো, ‘দয়া করে আমাদের স্বাস্থ্যের বিষয়টি নিয়ে ভাবুন’,” পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং ও হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টারের নাম উল্লেখ করে বলেন দিল্লির মুখ্যমন্ত্রীর।

টুইটারে লেখা এক পোস্টে রাজধানীর বাসিন্দাদের মাস্ক ব্যবহারেও অনুরোধ করেছেন তিনি।

 

“পার্শ্ববর্তী রাজ্যগুলোর ফসলের উচ্ছিষ্ট পোড়ানোর ধোঁয়ায় দিল্লি গ্যাস চেম্বারে পরিণত হয়েছে। আমরা যেন এই বিষাক্ত বাতাসের দূষণ থেকে নিজেদের রক্ষা করতে পারি, সে জন্য সচেষ্ট হতে হবে। সরকারি ও বেসরকারি স্কুলগুলোতে ৫০ লাখ মাস্ক বিতরণ শুরু করেছি আমরা। খাট্টার এবং ক্যাপ্টেনের সরকার কৃষকদের নাড়া পোড়াতে জোর করছে, যা দিল্লিতে ভয়াবহ দূষণ নিয়ে আসছে। গতকালও (বৃহস্পতিবার) পাঞ্জাব ও হরিয়ানায় মানুষ সরকারের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়েছে,” বলেছেন কেজরিওয়াল।

এর আগে বুধবার পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর দিল্লির দূষণের জন্য তার প্রশাসনের দায়কে উড়িয়ে দিয়েছেন। কেজরিওয়ালকে ‘মিথ্যাবাদী’ উল্লেখ করে এ কংগ্রেস নেতা বলেছেন, ৫ বছরেও রাজধানীর দূষণ দূর করতে না পেরে আম আদমি পার্টির নেতা এখন এ নিয়ে রাজনৈতিক চাল চালছেন।

যানবাহন ও কারখানার ধোঁয়ার পাশাপাশি আশপাশের ধান ক্ষেতগুলোতে ফসলের নাড়া পোড়াতে কৃষকের দেয়া আগুনে সৃষ্ট ধোঁয়ায় ভারতের রাজধানী নয়া দিল্লির বাতাস অক্টোবরেই 'অস্বাস্থ্যকর মাত্রায়' পৌঁছেছিল।

দূষণ ঠেকাতে ভারতের কেন্দ্রীয় সরকার নাড়া না পুড়িয়ে জমি পরিষ্কারের নতুন প্রযুক্তি ব্যবহারে কৃষকদের ভর্তুকি দেয়ার পরিকল্পনা নিলেও তা কার্যকর করা যায়নি।

কৃষকরা বলছেন, সরকারি ভর্তুকির পরও ওই ধরনের যন্ত্রপাতির দাম এত যে, তাদের পক্ষে তা কেনা সম্ভব হয়ে উঠছে না।

“সরকার নাড়া না পুড়িয়ে যন্ত্র ব্যবহার করতে বললেও সেগুলো কেনার সামর্থ্য নেই আমাদের,” বলেছেন পাঞ্জাবের কৃষক হারজিৎ সিং।