বাড়িতে কেন তলস্তয়ের ‘ওয়ার অ্যান্ড পিস’, প্রশ্ন বিচারকের
রুশ সাহিত্যিক লিও তলস্তয়ের অমর সৃষ্টি ‘ওয়ার অ্যান্ড পিস’ এবং কয়েকটি সিডিকে ‘আপত্তিকর জিনিস’ অ্যাখ্যা দিয়ে অভিযুক্ত এক ব্যক্তির কাছে সেগুলো বাসায় রাখার কারণ জানতে চেয়েছেন ভারতের বোম্বে হাই কোর্টের এক বিচারক।
বুধবার এলগার পরিষদ-কোরেগাঁও ভীমা মামলায় অভিযুক্ত ভার্নন গনজালভেজকে বিচারক সারঙ্গ কোতোয়াল এ প্রশ্ন করেন বলে জানিয়েছে এনডিটিভি।
অভিযুক্তদের জামিন শুনানিতে বিচারক বলেন, অভিযুক্তদের কাছে যে রাষ্ট্রবিরোধী কিছু আছে, ওয়ার অ্যান্ড পিসের মতো বই এবং সিডিগুলোই তার ইঙ্গিত দিচ্ছে।
গত বছর পুনে পুলিশ গনজালভেজের মুম্বাইয়ের বাড়িতে অভিযান চালিয়ে তার বিরুদ্ধে পরিকল্পিত অপরাধের ‘অকাট্য প্রমাণ’ হিসেবে ওই বই ও সিডিগুলো জব্দ করেছিল।
বুধবারের শুনানিতে নেপোলিয়নের রাশিয়া অভিযানকে কেন্দ্র করে তলস্তয়ের লেখা উপন্যাসটিই অন্যতম আলোচ্য বিষয় হয়ে ওঠে।
শুনানিতে পুলিশ গনজালভেজের বাড়ি থেকে উদ্ধার করা অন্যান্য বই ও সিডিগুলোর নামও জানায়। সিডিগুলোর মধ্যে রয়েছে- কবির কলা মঞ্চের ‘রাজ্য দমন বিরোধী’, ‘মার্কিস্ট আর্কাইভস’ ও ‘জয় ভীম কমরেড’। বইয়ের মধ্যে তলস্তয়ের বিখ্যাত উপন্যাসটি ছাড়াও আছে ‘আন্ডারস্ট্যান্ডিং মাওয়িস্ট’, ‘আরসিপি রিভিউ’ ও ন্যাশনাল স্টাডি সার্কেলের একটি পরিপত্রের কয়েকটি কপি।
“সিডির শিরোনাম ‘রাজ্য দমন বিরোধী’, এটাই ইঙ্গিত করছে এর মধ্যে রাষ্ট্রবিরোধী কিছু একটা আছে। আর ‘ওয়ার অ্যান্ড পিস’ তো অন্যদেশের যুদ্ধ বিষয়ে। কেন আপনি (গনজালভেজ) ওয়ার অ্যান্ড পিস ও সিডিগুলোর মতো আপত্তিকর জিনিস বাসায় রাখেন? আপনাকে এ বিষয়ে আদালতের কাছে ব্যাখ্যা দিতে হবে,” বলেন বিচারক কোতোয়াল।
গত বছরের ১ জানুয়ারি ভিম কোরেগাঁও যুদ্ধের ২০০ বছর পূর্তিতে আয়োজিত এক অনুষ্ঠান চলাকালীন সহিংসতার জন্য পুনে পুলিশ তার আগের দিন (৩১ ডিসেম্বর, ২০১৭) শানিওয়ারওয়াদা দূর্গে এলগার পরিষদের অনুষ্ঠানে কয়েকজনের বক্তব্যকে দায়ী করে আসছে। ভিম-কোরেগাঁও গ্রামে ওই সহিংসতায় একজন নিহত ও কয়েকজন আহত হয়।
এলগার পরিষদের ওই অনুষ্ঠানের সঙ্গে সংশ্লিষ্ট বেশ কয়েকজন সমাজকর্মীকে পুলিশ পরে আটক করে। বাসায় ও অফিসে অভিযানের পর গ্রেপ্তার হন গনজালভেজও।
এলগার পরিষদ নামের মোর্চা গঠনে মাওবাদীদের সংশ্লিষ্টতা আছে কিনা পুলিশ তাও খতিয়ে দেখছে বলে জানিয়েছে এনডিটিভি। মামলায় গ্রেপ্তার সমাজকর্মী ও শিক্ষাবিদদের মধ্যে আছেন সোমা সেন, রোনা উইলসন, সুধা ভরদ্বাজ, অরুণ ফেরেইরা ও গৌতম নভলখার মতো বিশিষ্ট ব্যক্তিরা।
বুধবারের শুনানিতে গনজালভেজের আইনজীবী মিহির দেশাই বলেন, অন্যের কম্পিউটার থেকে পাওয়া কিছু ইমেইল ও চিঠির ওপর ভিত্তি করে পুলিশ তার মক্কেলের বিরুদ্ধে মামলা সাজিয়েছে।
“এসব চিঠি বা ইমেইলের কোনোটিই গনজালভেজ লেখেননি, কিংবা তাকে উদ্দেশ্য করে লেখাও হয়নি। তার বিরুদ্ধে কোনো অকাট্য প্রমাণ না থাকায় গনজালভেজের জামিন আবেদন প্রত্যাখ্যাত হতে পারে না,” বলেন তিনি।
পুনে পুলিশের পক্ষে থাকা আইনজীবী অরুণা পাই এ আবেদনের বিরোধিতা করে বলেন, গনজালভেজের কম্পিউটার ও হার্ডডিস্ক থেকে কোনো প্রমাণ না মিললেও তার বাসায় অভিযানে ‘আপত্তিকর শিরোনামের বই ও সিডি’ পাওয়া গেছে, যা তাকে ‘দোষী সাব্যস্তের উপযুক্ত’।
