Published : 27 Aug 2019, 11:32 PM
মঙ্গলবার টুইটারে একথাই জানিয়েছেন পাকিস্তানের বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফাওয়াদ হুসেন চৌধুরী।
তিনি লেখেন, “প্রধানমন্ত্রী ইমরান খান ভারতের জন্য আকাশসীমা পুরোপুরি বন্ধ করে দেওয়ার চিন্তা-ভাবনা করছেন। ভেবে দেখছেন পাকিস্তানের ভেতর দিয়ে আফগানিস্তানের সঙ্গে ভারতের স্থলবাণিজ্য বন্ধ করার বিষয়টিও। এ নিয়ে মন্ত্রিসভায় আলোচনাও হয়েছে। চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে আইনি দিকগুলো নিয়ে কথাবার্তা চলছে।”
গত ৫ অগাস্ট ভারতের প্রধানমন্ত্রীর জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেওয়ার প্রসঙ্গ টেনে ফাওয়াদ লেখেন, “শুরুটা মোদী করেছেন... শেষ করব আমরা।”
নিপীড়িত কাশ্মীরি জনগণের সহায়তায় পাকিস্তান যতদূর সম্ভব হাত বাড়াতে প্রস্তুত বলে প্রধানমন্ত্রী ইমরান খান সোমবার জাতির উদ্দেশে ভাষণে অঙ্গীকার করার পরদিনই মন্ত্রী ফাওয়াদ চৌধুরী এ টুইট করলেন।
এর আগে গত ফেব্রুয়ারিতে কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার জেরে পাকিস্তানের বালাকোটে ভারতের বিমান হামলার পর ইসলামাবাদ তাদের আকাশপথ বন্ধ করে দিয়েছিল। প্রায় চারমাস বন্ধ থাকার পর জুলাইয়ের মাঝামাঝিতে তারা আবার ভারতের জন্য আকাশপথ উন্মুক্ত করে।
এবার ভারত সরকার কাশ্মীর থেকে ৩৭০ ধারা তোলার পরই ফের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।