০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

কুরাসাও আক্রমণাত্মক খেলবে, মনে হচ্ছে আইভরি কোস্ট কোচের

গত দুই ম্যাচে দলের পারফরম্যান্স দেখে আইভরি কোস্ট কোচ আইমার্স ফাইয়ের মনে হচ্ছে, তার দল নকআউট পর্বে ওঠার যোগ্য।

কুরাসাও আক্রমণাত্মক খেলবে, মনে হচ্ছে আইভরি কোস্ট কোচের
নক আউট পর্বে পর্ব খেলার স্বপ্ন নিয়ে উড়ছে আইভরি কোস্ট। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jun 2026, 08:33 PM

Updated : 19 Sep 2026, 02:24 PM

গ্রুপ টেবিলের যে অবস্থা, নকআউট পর্বের দুয়ার খোলা আইভরি কোস্টের মতো কুরাসাওয়ের সামনেও। যদিও আইভরি কোস্ট আছে কিছুটা সুবিধাজনক অবস্থায়; তবে, দলটির কোচ আইমার্স ফাই সতর্ক কুরাসাওকে নিয়ে। বিশ্বকাপের নবাগত দলটি আক্রমণাত্মক ফুটবল খেলে চ্যালেঞ্জ জানাবে, মনে করেন তিনি।

ফিলাডেলফিয়ায় ‘ই’ গ্রুপের ম্যাচে বাংলাদেশ সময়, বৃহস্পতিবার রাত ২টায় মুখোমুখি হবে দুই দল। 

একুয়েডরকে ১-০ গোলে হারানোর পর, জার্মানির বিপক্ষে ২-১ ব্যবধানে হারা আইভরি কোস্ট ৩ পয়েন্ট নিয়ে আছে দ্বিতীয় স্থানে। জার্মানির কাছে ৭-১ গোলে বিধ্বস্ত হওয়ার পর, গোলশূন্য ড্রয়ে একুয়েডরকে রুখে দিয়ে, কুরাসাও ফিরে পেয়েছে আত্মবিশ্বাস।

গত দুই ম্যাচের পারফরম্যান্স, বিশেষ করে, দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে জার্মানির কাছে হারের প্রসঙ্গ টেনে ফাই বললেন, দল নিয়ে তিনি দারুণ আশাবাদী। আইভরি কোস্ট নকআউট পর্বে খেলার যোগ্য, মনে হচ্ছে তার।

“আমি মনে করি, গুরুত্বপূর্ণ হচ্ছে, একই দৃঢ়তা নিয়ে, আমাদের সামর্থ্য, মানসিকতা এবং তীব্রতা কুরাসাও ম্যাচে দেখানো, যেটা আমরা একুয়েডর ও জার্মানির বিপক্ষে দেখিয়েছিলাম।”

“আমার মনে হয়, আমরা যদি প্রতিপক্ষকে শ্রদ্ধা করি, যে জায়গাগুলোর কথা উল্লেখ করলাম, সে জায়গাগুলোতে ভালো পারফরম করি, শেষ বত্রিশে খেলার সুযোগ থাকবে আমাদের।”

জার্মানির কাছে বিধ্বস্ত হওয়ার পর, একুয়েডরের বিপক্ষে ঘুরে দাঁড়ানো কুরাসাওকে সমীহের চোখে দেখছেন ফাই। ৪২ বছর বয়সী এই কোচের ধারণা, শেষ ম্যাচে মরিয়া হয়ে নামবে তাদের প্রতিপক্ষ।

“তারা সেই দল, যারা জার্মানির কাছে ৭-১ গোলে হারের পর, একুয়েডরের সঙ্গে ড্র করে মানসিক শক্তি ফিরে পেয়েছে। তারা খুবই আগ্রাসী দল। তাদের ব্যক্তিগত নৈপুণ্যনির্ভর ফরোয়ার্ড আছে, যারা ম্যাচের ভাগ্য গড়ে দিতে সক্ষম। দলীয় প্রচেষ্টায় তারা বেশি খেলে।”

“আমার ধারণা, কঠিন একটা ম্যাচ হবে, বিশ্বকাপে যেমনটা হয়। বিশেষ করে, একুয়েডরের বিপক্ষে ড্রয়ের পর, কুরাসাওয়ের এখনও পরের ধাপে যাওয়ার সুযোগ আছে, (সেটাই কাজে লাগাতে চাইবে তারা)।”