২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বিমান বাহিনীর উড়োজাহাজ নিখোঁজ

ভারতীয় বিমান বাহিনীর একটি পরিবহন উড়োজাহাজ আট  ক্রু এবং পাঁচ যাত্রী নিয়ে আসাম থেকে উড্ডয়নের পর নিখোঁজ হয়ে গেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jun 2019, 06:32 PM

Updated : 18 Aug 2022, 05:21 PM

এনডিটিভি জানায়, অ্যান্টনোভ এএন-৩২ স্থানীয় সময় সোমবার দুপুর ১২টা ২৫ মিনিটে আসামের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের দুর্গম পাহাড়ি শহর মেচুকায় রওনা হয়েছিল।

উড়োজাহাজটি দুপুর ১টার দিকে শেষবার যোগাযোগ করেছিল বলে জানান বিমান বাহিনীর নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা। উড়োজাহাজটির খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে।

এ বিষয়ে এয়ার মার্শাল রাকেশ সিং ভাদুরিয়ার সঙ্গে কথা বলেছেন বলে এক টুইটে জানান ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

“তিনি আমাকে নিখোঁজ উড়োজাহাজটি খুঁজে বের করতে ইন্ডিয়ান এয়ার ফোর্সের (আইএএফ) প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন। আমি সব আরোহীর নিরাপদে ফেরার প্রর্থনা করছি।”

সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ছয় হাজার ফুট উঁচু ছোট্ট শহর মেচুকায় উড়োজাহাজ উঠা-নামা অত্যন্ত কঠিন।

গত চার দশক ধরে রাশিয়ার তৈরি দুই ইঞ্জিন বিশিষ্ট পরিবহন উড়োজাহাজ এএন-৩২ ভারতীয় বিমান বাহিনীতে ব্যবহৃত হচ্ছে।

এ আগে ২০১৬ সালে ভারতীয় বিমান বাহিনীর একটি এএন-৩২ উড়োজাহাজ চেন্নাই থেকে উড্ডয়ন করে বঙ্গোপসাগরের উপর দিয়ে আন্দামান ও নিকোবার দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার সময় নিখোঁজ হয়ে যায়।

ভারত সরকার উড়োজাহাজটি খুঁজে বের করতে সর্বোচ্চ চেষ্টা করেছিল। ওই অভিযান দেশটির ইতিহাসে উড়োজাহাজ উদ্ধারে সবচেয়ে বড় অভিযানে পরিণত হলেও শেষ পর্যন্ত খালি হাতেই ফিরতে হয়েছিল। উড়োজাহাজটি ২৯ আরোহী নিয়ে রহস্যের অতল গভীরে হারিয়ে যায়।