২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতের প্রধান বিচারপতির বিরুদ্ধে যৌন হেনস্থার প্রমাণ মেলেনি

ভারতের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ এর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের কোনো ভিত্তি নেই। বিবৃতি দিয়ে এ সিদ্ধান্তই জানিয়েছে দেশটির সুপ্রিম কোর্টনিযুক্ত বিচারপতিদের তদন্ত প্যানেল।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 May 2019, 12:27 AM

Updated : 08 Apr 2022, 04:09 PM

গত ১৯ এপ্রিল গগৈর বিরুদ্ধে  তার সাবেক এক নারী সহকর্মী যৌন হেনস্থার অভিযোগ করেছিলেন। এরপর সুপ্রিম কোর্টের নিজস্ব কমিটি বিষয়টির তদন্ত করে।

এ তদন্তে প্রধান বিচারপতির বিরুদ্ধে কোনো অভিযোগের প্রমাণ মেলেনি। সুপ্রিম কোর্ট সোমবার তা জানাল। তবে কমিটির প্রতিবেদন জনগণের সামনে প্রকাশ করা হবে না বলেও জানিয়েছে তদন্ত প্যানেল।

ভারতের আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, গগৈ-এর বিরুদ্ধে যে নারী যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন তিনি সুপ্রিম কোর্টের তদন্ত প্যানেল থেকে সুবিচার পাওয়ার আশা নেই জানিয়ে অভিযোগপত্র প্রত্যাহার করে নিয়েছিলেন।

তারপরও প্যানেলের মুখোমুখি হয়েছিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। গত মঙ্গলবার অভিযোগকারী নারী সরে দাড়ালেও তদন্ত চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিল ভারতের সর্বোচ্চ আদালতের বিচারপতিদের নিয়ে তৈরি  প্যানেল। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি প্যানেলের সামনে হাজিরাও দেন।

গগৈ প্রথম থেকেই নিজেকে নির্দোষ দাবি করে আসছিলেন। অবশেষে তিনি স্বস্তি পেলেন।