২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক কি না জানতে নোটিশ দিল্লির

ভারতের লোকসভা নির্বাচনের মাঝপথে কংগ্রেস দলীয় সভাপতি রাহুল গান্ধী ব্রিটিশ নাগরিক কি না তা ১৫ দিনের মধ্যে পরিষ্কার করতে নোটিশ দিয়েছে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2019, 05:35 PM

Updated : 08 Apr 2022, 04:08 PM

বিজেপির সাংসদ সুব্রাহ্মনিয়ান স্বামীর অভিযোগের ভিত্তিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাহুলকে এ নোটিশ দেয় বলে জানিয়েছে এনডিটিভি।

রাহুল নিজের জাতীয়তা নিয়ে মিথ্য বলে আসছেন বলে কয়েক বছর ধরে অভিযোগ করে আসছিলেন ভারতীয় লোকসভার বিজেপি দলীয় এই সদস্য।

নোটিশে রাহুল গান্ধীকে তার নাগরিকত্বের বিষয়ে ‘প্রকৃত’ তথ্য দিতে বলা হয়েছে। ভারত দ্বৈত নাগরিকত্বের অনুমতি দেয় না এবং শুধু ভারতীয় নাগরিকরাই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

জাতীয় নির্বাচনের সাত পর্বের মধ্যে চার পর্বের ভোট গ্রহণের পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় রাহুলকে এ নোটিশ দিল। এবারের লোকসভা নির্বাচনে রাহুল উত্তর প্রদেশের আমেথি ও কেরালার ওয়ানাডের লোকসভা আসন থেকে প্রার্থী হয়েছেন। এরমধ্যে ওয়ানাডের আসনে ভোট হয়ে গেছে।

মঙ্গলবার রাহুলের বোন প্রিয়ঙ্কা গান্ধী ভদ্র সাংবাদিকদের বলেছেন, “সবাই জানে রাহুল গান্ধী ভারতীয় এবং তার জন্ম ও বেড়ে ওঠা এখানে। যত্তোসব আজেবাজে ব্যাপার।”  

ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নাগরিকত্ব বিষয়ক পরিচালকের দায়িত্বে থাকা বি সি যোশি সুব্রাহ্মনিয়ান স্বামীর দেওয়া ব্যাকঅপস কোম্পানির নথির ভিত্তিতে রাহুলকে নোটিশটি পাঠিয়েছেন। বিলুপ্ত এই ব্রিটিশ কোম্পানিটির সঙ্গে রাহুলের সম্পর্ক ছিল।

তার অভিযোগে স্বামী বলেছেন, বর্তমানে বিলুপ্ত ব্রিটিশ কোম্পানি ব্যকপঅপসের পরিচালক ছিলেন রাহুল এবং কোম্পানির প্রকাশিত দুটি বার্ষিক প্রতিবেদনে তিনি নিজেকে ব্রিটিশ নাগরিক হিসেবে নথিবদ্ধ করেছিলেন। 

ব্যাকঅপস লিমিটেড নামের ওই কোম্পানিটি ২০০৩ সালে নিবন্ধিত হয়েছিল, এরপর ২০০৯ সালে কোম্পানিটি বিলুপ্ত হয়। 

স্বামী ২০১৫ থেকে রাহুলের বিরুদ্ধে এমন অভিযোগ জানিয়ে আসলেও এই প্রথম তার অভিযোগ আমলে নিল দিল্লির বিজেপি সরকার।