২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে সীমান্ত চৌকিতে তালেবান হামলা, ২০ সৈন্য নিহত

আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে নিরাপত্তা বাহিনীর একটি সীমান্ত চৌকিতে তালেবান বিদ্রোহীদের হামলায় অন্তত ২০ সৈন্য নিহত হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2018, 05:23 PM

Updated : 08 Apr 2022, 07:17 PM

মঙ্গলবার ইরান সীমান্তের কাছে ফারাহ প্রদেশে এ হামলার ঘটনা ঘটে, জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।   

বেশ কয়েক মাস ধরেই পশ্চিমাঞ্চলীয় এ প্রদেশটির নিয়ন্ত্রণ নিয়ে তালেবান ও সরকারি বাহিনীর তুমুল লড়াই চলছে।

সীমান্তের ওই নিরাপত্তা চৌকিতে প্রায় ৫০ সৈন্য মোতায়েন ছিল। তালেবানরা বলছে, ভোরের আগে আগে চালানো ওই হামলায় তারা চৌকিটির দখল নেওয়ার পাশাপাশি ৩০ সৈন্যকে হত্যা করেছে।

আফগান কর্মকর্তারা বলছেন, হামলার কয়েক ঘণ্টা পর তাদের সঙ্গে সীমান্ত চৌকিটির যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

“কয়েক ঘণ্টা পর ঘাঁটিটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে আমাদের, অন্য সৈন্যদের কী অবস্থা, তা বলতে পারছি না,” বলেন নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা।

ফারাহ প্রদেশে তালেবানদের শক্তিবৃদ্ধির পেছনে ইরানের ইন্ধন থাকতে পারে বলেও সন্দেহ অনেক আফগান কর্মকর্তার।

তালেবান ও ইরান উভয়েই ওই অঞ্চলে মার্কিনের সামরিক উপস্থিতির ঘোর বিরোধী।

ওয়াশিংটন বলছে, অস্ত্র ও অর্থের মাধ্যমে তেহরান আফগানিস্তানের পশ্চিমাঞ্চলে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। ইরান এ অভিযোগ অস্বীকার করে আসছে।

তালেবানরা সোমবারও গজনির বাইরে একটি সামরিক চৌকি দখলে নিয়ে সরকারি বাহিনীর ১৩ সদস্যকে হত্যা করে।

২০০১ সালে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট নেটো তালেবানদের ক্ষমতা থেকে উৎখাত করার পর সাম্প্রতিক বছরগুলোতে সশস্ত্র এ বিদ্রোহী গোষ্ঠী নতুন উদ্যমে সরকার ও বিদেশি সৈন্যদের ওপর ধারাবাহিক হামলা চালাচ্ছে।

তালেবান সদস্যদের হামলায় কেবল সেপ্টেম্বর মাসেই ৫০০র বেশি আফগান সৈন্য নিহত হয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে।

দুই পক্ষের মধ্যে শান্তি আলোচনার কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও হামলায় সেসব পদক্ষেপের কোনো প্রভাব পড়ছে না বলে সতর্কও করেছেন মার্কিন কর্মকর্তারা।

গত মাসে কাতারে তালেবান প্রতিনিধিদলের সঙ্গে মার্কিন বিশেষ দূত জালমে খলিলজাদের বৈঠকও হয়েছে। চলতি সপ্তাহে রাশিয়ার আয়োজনে একটি বহুপক্ষীয় শান্তি আলোচনাতেও তালেবানরা অংশ নিতে রাজি হয়েছে।