‘তালেবানের জনক’ মোল্লা সামি ছুরিকাঘাতে নিহত: পাকিস্তান
পাকিস্তানে কট্টরপন্থি ধর্মীয় নেতা মোল্লা সামি উল-হককে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে।
শুক্রবার রাওয়ালপিন্ডিতে নিজ বাসভবনে ‘তালেবানের জনক’ খ্যাত এ ধর্মীয় নেতাকে হত্যা করা হয় বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন।
কট্টরপন্থি এ ধর্মীয় নেতার মাদ্রাসাতেই একসময় মোল্লা ওমরসহ তালেবানের শীর্ষ নেতারা পড়াশোনা করেছিলেন, জানিয়েছে বিবিসি।
বেশিরভাগ গণমাধ্যম ছুরিকাঘাতে নিহত হওয়ার কথা জানালেও কিছু কিছু প্রতিবেদনে হত্যাকারীরা মোল্লা সালি উল-হককে গুলি করেছে বলেও দাবি করা হয়েছে।
কি কারণে এ হত্যাকাণ্ড, তা নিশ্চিত হওয়া যায়নি।
ধর্মীয় এ নেতার এক ছেলে জানান, রাওয়ালপিন্ডির বাড়িতেই তার বাবার ছুরিকাঘাতে মৃত্যু হয়েছে।
“আসরের নামাজের পর তিনি বিশ্রাম নিচ্ছিলেন; সেসময় তার গাড়িচালক দেহরক্ষী ১৫ মিনিটের জন্য বাইরে গিয়েছিলেন। তিনি ফিরে এসে বাবার রক্তে ঢাকা মৃতদেহ দেখতে পান,” পাকিস্তানের জিও টিভিকে বলেছেন মাওলানা হামিদ উল-হক।
তালেবান নেতাদের শিক্ষক মোল্লা সামির ভাতিজা মোহাম্মদ বিলাল রয়টার্সকে দেন ভিন্ন তথ্য। তিনি জানান, ইসলামাবাদের বাইরে নিজ বাড়িতে ছুরিকাহত ও গুলিবিদ্ধ হয়ে মারা যান হাক্কানি মাদ্রাসার এ প্রধান।
মোল্লা সামি উল-হকের ওপর আক্রমণের বিষয়টি এখনো কোনো গোষ্ঠী স্বীকার করেনি বলে জানিয়েছে বিবিসি।
তালেবান বিদ্রোহীদের শান্তি আলোচনায় রাজি করাতে ৮০ বছর বয়সী এ ধর্মীয় নেতাকে সম্প্রতি অনুরোধ করেছিলেন আফগানিস্তানের সরকারি কর্মকর্তারা।
মোল্লা সামি একসময় পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই- ইনসাফের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা কট্টরপন্থি দল জমিয়ত উলামা-ই-ইসলামের একটি অংশ থেকে নির্বাচিত সংসদ সদস্যও ছিলেন।
চীন সফরে থাকা ইমরান খান ধর্মীয় এ নেতার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন বলে জানিয়েছে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়।
আফগানিস্তান ও পাকিস্তানে ক্রিয়াশীল তালেবান শীর্ষ নেতাদের অনেকেই মোল্লা সামির অনুসারী ছিলেন বলে জানিয়েছে বিবিসি। তার মৃত্যু দেশ দুটির ভেতরকার অস্থিতিশীলতা আরও উসকে দিতে পারে বলেও আশঙ্কা পর্যবেক্ষকদের।
