২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে বন্ধ হয়ে যাওয়া অলঙ্কারের দোকানে চুরি, লুট ১৪০ কোটি রুপি

ভারতে পাঁচ বছর ধরে বন্ধ থাকা একটি অলঙ্কারের দোকানে চুরি করে চোরেরা ১৪০ কোটি রুপি মূল্যামানের সোনা ও রত্ন নিয়ে গেছে বলে অভিযোগ করা হয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2018, 03:48 PM

Updated : 08 Apr 2022, 07:13 PM

এক রত্নব্যবসায়ী উত্তর প্রদেশের খানপুর থানায় অভিযোগটি দায়ের করেছেন বলে বুধবার জানিয়েছে পুলিশ, খবর এনডিটিভির।

খানপুরের বিরহানা সড়কে ওই ব্যবসায়ীর একটি দোকান আছে। ব্যবসায়িক অংশীদারদের মধ্যে এক বিরোধের জেরে পাঁচ বছর আগে দোকানটি বন্ধ করে দেওয়া হয়েছিল।

অভিযোগের বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশ সুপার (পূর্ব) রাজ কুমার আগারওয়াল।

পুলিশ জানিয়েছে, তারা অলঙ্কারের ওই দোকানটির আশপাশের দোকান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখছে।

কথিত চুরির ঘটনাটি যে দোকানটিতে ঘটেছে সেটি সমঅংশীদারিত্বের একটি প্রতিষ্ঠান ছিল। অংশীদারদের মধ্যে বিরোধের পর ২০১৩ সালের ৩০ মে দোকানটি বন্ধ করে দেওয়া হয় বলে জানিয়েছে পুলিশ।

আদালতের নির্দেশ দুই অংশীদারের উপস্থিতিতে পুলিশ মাঝে মাঝে দোকানটি খুলত বলে জানা গেছে। এবার দোকানটি খোলার ঠিক আগেই কথিত চুরির ঘটনাটি ঘটেছে।

পুলিশের কাছে দায়ের করা অভিযোগে বলা হয়েছে, চোরেরা ১০ হাজার ক্যারেটের হীরা, ৫০০ কেজি রূপা, ১০০ কেজি সোনা এবং প্রায় পাঁচ হাজার ক্যারেটের সমপরিমাণ রত্ন ও ব্যবসা সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র নিয়ে গেছে।