আফগানিস্তানে খরা যুদ্ধ পরিস্থিতিকে হার মানাচ্ছে
যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে বিভিন্ন অঞ্চলে খরার কারণে চাষাবাদ বন্ধ হয়ে যাওয়ায় প্রচণ্ড খাদ্যাভাব দেখা দিয়েছে। দেশটিতে এখন যুদ্ধের চেয়ে খরায় অনেক বেশি মানুষ গৃহহীন হয়ে পড়ছে বলে জানিয়েছে জাতিসংঘ।
এ বছর দেশটির পশ্চিমাঞ্চলে দুই লাখ ৭৫ হাজার মানুষ গৃহহীন হয়েছে। তাদের মধ্যে ৫২ হাজার মানুষ সংঘাতের কারণে এবং বাকি প্রায় সোয়া দুই লাখ মানুষ খরার কারণে বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছে।
জাতিসংঘ ও বিভিন্ন দাতব্য সংস্থার প্রতিবেদন অনুযায়ী, দেশটির কয়েকটি অঞ্চলে জমিতে বপণ করার মত বীজ কৃষকদের কাছে নেই। চরম খাদ্যাভাবে সেখানে মানুষ মরতে শুরু করেছে।
আফগানিস্তানে প্রায় দুই কোটি মানুষ কৃষক। কিন্তু খরার কারণে এ বছর প্রায় অর্ধেক জমিতে চাষাবাদ করা সম্ভব হয়নি বলে জানায় দেশটির কৃষি মন্ত্রণালয়।
গত ৯ সেপ্টেম্বর প্রকাশিত জাতিসংঘের মানবাধিকার কার্যালয়ের নিয়মিত প্রতিবেদন অনুযায়ী, দীর্ঘদিনের খরার কারণে খাবার না থাকায় গত এক সপ্তাহে বাদগিস প্রদেশের বিভিন্ন গ্রাম থেকে প্রায় এক লাখ ২০ হাজার মানুষ গ্রাম থেকে কালা-ই-নাউ শহরে এসেছে। গত এক বছরের বেশি সময় ধরে প্রদেশটিতে ভয়াবহ খরা চলছে।
জাতিসংঘের অন্য একটি প্রতিবেদন অনুযায়ী, গত মাসে একই কারণে এক লাখের বেশি মানুষ বাড়িঘর ছেড়ে হেরাত নগরীতে আশ্রয় নিয়েছে।
খরা পীড়িত প্রায় ৭০ হাজার মানুষ আগে থেকেই কালা-ই-নাউ শহরে আশ্রয় নিয়েছে। তাদের মানবিক ত্রাণের যোগান দিতেই হিমশিম খেতে হচ্ছে। নতুন করে আরো লক্ষাধিক মানুষ আসায় সেখানকার মানবিক পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠতে পারে বলে শঙ্কা বিভিন্ন ত্রাণ সংস্থার। প্রদেশটি দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে।
দ্য ফেমিন আর্লি ওয়ার্নিং সিস্টেমস নেটওয়ার্ক (এফইডব্লিউএস নেট) এর প্রতিবেদনে বলা হয়, আফগানিস্তানে খাদ্যসংকট ‘অস্বাভাবিক রকম বেশি’।
“সেখানে এখন তৃতীয় পর্যায়ের খাদ্যসংকট চলছে। চতুর্থ পর্যায়ে জরুরি অবস্থা এবং পঞ্চম পর্যায়ে পৌঁছালে দুর্ভিক্ষ বলে ধরা হয়।”
সাধারণত এই সময় কৃষক ফসল ঘরে তোলা শুরু করে বলে দেশটিতে খাদ্য সংকট এমনিতেই কমে যায়। কিন্তু খরার কারণে চাষাবাদ সম্ভব না হওয়ায় বিশেষ করে বাদগিস ও ফারিয়াব প্রদেশে চরম খাদ্যাভাব দেখা দিয়েছে বলে জানায় সংস্থাটি।
