২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাশ্মিরে পুলিশের স্বজনরা অপহৃত

ভারত নিয়ন্ত্রিত কাশ্মিরে জঙ্গিরা কয়েকজন পুলিশ কর্মকর্তার বাড়িতে হামলা চালিয়ে তাদের পরিবারের অন্তত নয় সদস্যকে অপহরণ করেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Aug 2018, 12:23 PM

Updated : 08 Apr 2022, 06:56 PM

এনডিটিভি জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জঙ্গিরা পুলওয়ামা, অনন্তনাগ ও কুলগ্রাম জেলায় পুলিশ কর্মকর্তাদের বাড়িতে অতর্কিতে হামলা চালায় এবং পাঁচ পুলিশ সদস্যের পরিবারের অন্তত নয়জনকে ধরে নিয়ে যায়।

গত বুধবার কাশ্মিরের শোপিয়ান জেলায় জঙ্গি হামলায় চার পুলিশ নিহত হওয়ার পর দক্ষিণের জেলাগুলোতে জঙ্গি দমন অভিযান চলছে। ওই অভিযানে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছে।

পুলিশের উপর চাপ প্রয়োগ করে অভিযান বন্ধে এবং বন্দি বিনিময়ে বাধ্য করতে পরিবারের সদস্যদের ধরে নিয়ে যাওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

বুধবার টিরাল থেকে আরেক পুলিশ কর্মকর্তার ছেলেকে অপহরণ করা হয়।

কাশ্মিরের এক জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা বলেন, পরিবারের সদস্যদের নিরাপত্তা এবং তাদের মুক্ত করতে আলোচনা চলছে।

জঙ্গিদের বাড়িতে পুলিশি অভিযান নিয়ে বৃহস্পতিবার দক্ষিণ কাশ্মিরে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের দাবি, পুলিশ জঙ্গি খোঁজার নামে তাদের না পেয়ে পরিবারের অন্য সদস্যদের ধরে নিয়ে যাচ্ছে।

শোপিয়ানে হামলার শিকার পুলিশের দলটি গাড়ি সারাতে আরহামা ফলের বাজারের কাছে একটি অটোমোবাইল ওয়ার্কশপে যাচ্ছিল। পথে ভারি অস্ত্রসজ্জিত জঙ্গিরা অতর্কিতে তাদের গুলি করে।

ঘটনাস্থলেই দুই পুলিশ নিহত হয়। বাকি দুইজন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

হামলার পরপরই নিরাপত্তা বাহিনী ওই এলাকায় অভিযান শুরু করলেও জঙ্গিদের কাউকে ধরতে পায়নি।

গত ২৮ বছর ধরে কাশ্মিরে জঙ্গিবাদের উত্থানে হলেও পুলিশের পরিবারের সদস্যদের অপহরণের ঘটনা এই প্রথম ঘটেছে বলে জানায় এনডিটিভি।