কোলাকুলিতে আফগান সেনা ও তালেবানের ঈদ উদযাপন
কিছুদিন আগেও যে দৃশ্য কল্পনা করা অসম্ভব ছিল তা আজ বাস্তব। ঈদুল ফিতর উপলক্ষ্যে তিন দিনের যুদ্ধবিরতি পরস্পরকে জড়িয়ে ধরে, শুভেচ্ছা জানিয়ে উদযাপন করছে আফগানিস্তানের সেনাবাহিনী ও তালেবান যোদ্ধারা।
স্থানীয় গণমাধ্যমে আফগান বাহিনী ও তালেবান যোদ্ধাদের কোলাকুলির বেশ কিছু ভিডিও ও ছবি প্রকাশ করেছে বলে জানায় বিবিসি।
বেসামরিক নাগরিকরা অভূতপূর্ব এ দৃশ্যে নিজেদের বিস্ময় এবং খুশি প্রকাশ করেছেন।
কুন্দুজের বাসিন্দা মোহাম্মদ আমির বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, “আমি আমার চোখকে বিশ্বাস করতে পারছি না। আমি দেখলাম তালেবান এবং পুলিশ পাশপাশি দাঁড়িয়ে সেলফি তুলছে।”
অন্য একজন বলেন, “এটা সবচেয়ে শান্তিপূর্ণ ঈদ। এই প্রথম আমরা নিরাপদ বোধ করছি। এ আনন্দ ভাষায় প্রকাশ করা কঠিন।”
বিভিন্ন শহরে জনতা চিৎকার করে ও শিস দিয়ে আফগান যোদ্ধাদের স্বাগত জানিয়েছে বলে জানায় রয়টার্স॥
জালালাবাদে তারা ফল ও মিষ্টি দিয়ে তালেবান যোদ্ধাদের বরণ করে নিয়েছে।
রাজধানী কাবুলে স্বরাষ্ট্রমন্ত্রী ওয়াইস বারমাকের সঙ্গে তালেবান নেতাদের সাক্ষাতের ছবিও প্রকাশ পেয়েছে।
আফগানিস্তানের প্রধানমন্ত্রী আশরাফ ঘানি এই যুদ্ধবিরতিকে দীর্ঘ মেয়াদী শান্তির পথে পরিচালিত করতে চান।
তিনি তালেবান নেতাদের শান্তি আলোচনায় বসার আহ্বানও জানিয়েছেন।
এর আগে আফগান সরকারের সঙ্গে তালেবান নেতাদের গোপন বৈঠকের খবর প্রকাশ পেয়েছিল। যদিও এ মাসের শুরুতে ওই খবর ভুয়া বলে উড়িয়ে দেয় তালেবান।
এদিকে আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শুক্রবার পাকিস্তানি তালেবান প্রধান মোল্লা ফজলুল্লাহর মৃত্যুর খবর দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে পাকিস্তান সীমান্তবর্তী কুনার প্রদেশের মারাউইরা জেলায় যুক্তরাষ্ট্র-আফগান যৌথবাহিনীর বিমান হামলায় পাকিস্তানি তালেবান নেতা মোল্লা ফজলুল্লাহ নিহত হয়েছেন।
প্রেসিডেন্ট ঘানিও পাকিস্তানি তালেবান নেতা ফজলুল্লাহর নিহত হওয়ার খবর নিশ্চিত করেছেন।
