দিল্লিতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ৪ শীর্ষ অপরাধী নিহত
ভারতের রাজধানী নয়া দিল্লির দক্ষিণাংশে দিল্লি পুলিশের স্পেশাল সেলের সঙ্গে তীব্র বন্দুকযুদ্ধে শীর্ষ এক অপরাধীসহ চার জন নিহত হয়েছেন।
নিহতরা রাজেশ ভারতি অপরাধী গোষ্ঠীর লোক বলে জানিয়েছে পুলিশ, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।
বন্দুকযুদ্ধে রাজেশ ভারতিও নিহত হয়েছেন। ভারতির জন্য এক লাখ রুপি পুরস্কার ঘোষণা করেছিল সরকার।
শনিবার দক্ষিণ দিল্লির ছাতারপুরের এই ঘটনায় ছয় পুলিশ সদস্যও আহত হয়েছেন।
রাজেশ ভারতির বিরুদ্ধে অনেকগুলো মামলা আছে। সম্প্রতি হরিয়ানা পুলিশের হেফাজত থেকে পালিয়ে ছিল সে।
বন্দুকযুদ্ধে রাজেশ ভারতির পাশাপাশি বিদ্রোহ, উমেশ ডন এবং ভিখু নামের অপর তিন জন নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
দলবলসহ ভারতি ছাতারপুরে আসতে পারে এমন খবরের ভিত্তিতে গত দুই-তিন মাস ধরে ওই এলাকার একটি খামারের ওপর নজর রাখছিল পুলিশের স্পেশাল সেলের সদস্যরা।
সেখানে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে অভিযুক্তরা গুরুতরভাবে আহত হওয়ার পর তাদের হাসপাতালে নেওয়া হয়, সেখানে তাদের মৃত্যু হয় বলে জানিয়েছেন পুলিশের এক কর্মকর্তা।
ভারতি এবং বিদ্রোহ, উভয়ের মাথাপিছু এক লাখ রুপি করে পুরস্কার ঘোষণা করা ছিল, আর উমেশের জন্য ছিল ৫০ হাজার রুপি।
অনেকগুলো হত্যা ও চাঁদাবাজির মামলায় অভিযুক্ত ছিলেন তারা।
