২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় জঙ্গি বিমান বিধ্বস্তে পাইলট নিহত

ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) একটি জাগুয়ার জঙ্গি বিমান বিধ্বস্ত হয়ে পাইলট নিহত হয়েছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jun 2018, 03:33 PM

Updated : 08 Apr 2022, 06:29 PM

মঙ্গলবার সকালে উড্ডয়নের কিছুক্ষণের মধ্যেই জঙ্গি বিমানটি গুজরাটের কচ্ছে বিধ্বস্ত হয় বলে জানিয়েছে এনডিটিভি।

প্রকাশিত প্রতিবেদনগুলো থেকে ধারণা পাওয়া গেছে, বিমানটি গুজরাটের জামনগর বিমান ঘাঁটি থেকে উড্ডয়ন করার পর নিকটবর্তী একটি গ্রামের কাছে বিধ্বস্ত হয়। গ্রামটির মাঠে চারণরত কয়েকটি গরুর ওপর বিমানটি বিধ্বস্ত হলে পশুগুলো মারা যায়। 

ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র লে. কর্নেল মনিশ ওঝা জানিয়েছেন, সকাল প্রায় সাড়ে ১০টার দিকে নিয়মিত প্রশিক্ষণ উড্ডয়নে এয়ার কমোডর সঞ্জয় চৌহান বিমানটি নিয়ে উড়েছিলেন।

বিধ্বস্ত বিমানটির ধ্বংসাবশেষ গুজরাটের সবচেয়ে বড় শহর আহমেদাবাদ থেকে প্রায় ৩৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণে একটি গ্রামের কাছে ক্ষেতের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে।

বিমান বিধ্বস্তের কারণ তদন্তে একটি ট্রাইবুনাল গঠনের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।

স্থল হামলার জন্য তৈরি করা জাগুয়ার দুই ইঞ্জিনের একটি জঙ্গিবিমান। এটি বোমাবর্ষণ করতে করতে শত্রুর প্রতিরক্ষা ব্যুহ ভেদ করে অনেক ভিতরে ঢুকে যেতে সক্ষম। শব্দের চেয়েও দ্রুতগতি সম্পন্ন এই ধরনের জঙ্গিবিমানগুলো চার দশক আগে ভারতীয় বিমান বাহিনীতে যুক্ত করা হয়েছিল।   

এ ঘটনার কয়েক মাস আগে ভারতীয় বিমান বাহিনীর একটি আইএএফ হেলিকপ্টার আসামের চর মাজুলিতে বিধ্বস্ত হয়ে দুই পাইলট নিহত হয়েছিলেন।