২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শক্তি হারাচ্ছে আফগান নিরাপত্তা বাহিনী

গত ১২ মাসে আফগান নিরাপত্তা বাহিনীর শক্তি অনেকটাই কমে গেছে বলে জানিয়েছে আফগানিস্তানে যুক্তরাষ্ট্র সরকারের শীর্ষ পর্যবেক্ষক সংস্থা।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2018, 10:06 PM

Updated : 08 Apr 2022, 06:18 PM

মঙ্গলবার সংস্থাটির প্রকাশিত নতুন প্রতিবেদনে বলা হয়েছে, আফগান নিরাপত্তা বাহিনীর সদস্যদের সংখ্যা গত বছর প্রায় ১১ শতাংশ কমে গেছে।

আফগানিস্তানে একের পর এক জঙ্গি হামলায় প্রায় ৪০ জন নিহতের ঘটনার পর এ পরিসংখ্যান প্রকাশ পেল।

প্রতিবেদনটি প্রকাশ করেছে সিগার (দ্য স্পেশাল ইন্সপেক্টর জেনারেল ফর আফগানিস্তান রিকনস্ট্রাকশন)। এতে বলা হয়েছে, আফগানদের বেশিরভাগই এখন তালেবানসহ জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে।

প্রতিবেদনে দেওয়া হিসাবমতে, এখন আফগানিস্তানের ৪০৭ টি এলাকার ১৪ দশমিক ৫ শতাংশই তালেবান ও অন্যান্য জঙ্গি গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণে। ২০১৫ সাল থেকে রাখা রেকর্ড অনুযায়ী, দেশটিতে জঙ্গিদের এ নিয়ন্ত্রণ এখন সর্বোচ্চ পর্যায়ে।

সিগারের প্রধান জন সোপকো রয়টার্সকে বলেন, “আফগান বাহিনীকে গড়ে তোলাই এখন যুক্তরাষ্ট্র এবং আমাদের আন্তর্জাতিক মিত্রদের সবচেয়ে জরুরি কাজ। আফগান বাহিনীর শক্তি কমে যেতে দেখাটা উদ্বেগের ব্যাপার।”

তবে আফগান প্রতিরক্ষামন্ত্রণালয় নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা কমতে থাকার নতুন পরিসংখ্যান প্রত্যাখ্যান করেছে। সেনাবাহিনীতে জঙ্গিদের সঙ্গে লড়াই করার জন্য এখনও যথেষ্ট সেনা আছে বলে বিবিসি কে জানিয়েছেন মন্ত্রণালয়ের মুখপাত্র।

তিনি বলেন, “জঙ্গি ও অন্যান্য মাফিয়া গোষ্ঠীর সঙ্গে লড়ার জন্য আমাদের যথেষ্ট সেনা আছে। যথেষ্ট এএনএ (আফগান ন্যাশনাল আর্মি) ইউনিট আছে। আমরা নিরাপত্তা বাহিনীর সদস্য সংখ্যা কমার সিগারের প্রতিবেদন প্রত্যাখ্যান করছি। এ প্রতিবেদন ১০০% বাস্তবসম্মত নয়।”

“আমাদের সেনাদের মনোবল খুবই বেশি এবং এখন পর্যন্ত দেশজুড়ে ১১ টি অভিযান চলছে।”