মরা পশুর মাংস বিক্রি নিয়ে কলকাতায় আতঙ্ক, গ্রেপ্তার ১০
ভারতে কলকাতার বিভিন্ন রেস্তোরাঁয় ভাগাড়ের মরা পশুর মাংস বিক্রি নিয়ে আতঙ্কে আছে বাসিন্দারা।
এসব মাংস হোটেল, রেস্তোরাঁয় বিক্রিকারী একটি চক্র ধরা পড়ার পর থেকে কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে এমন আতঙ্ক দেখা দিয়েছে।
ভাগাড়ে পড়ে থাকা মরা মুরগি খাসি, গরু, মোষের পচা মাংস কেটে ধুয়ে-মুছে পরিষ্কার করে প্যাকেটে করে বিক্রি হচ্ছে।
রাস্তার কিছু কাবাব-রোলের দোকান থেকে শুরু করে ছোটখাট রেস্তোরাঁসহ নানা জায়গায় মরা পশুর মাংস দিয়ে খাবার রান্না করা হচ্ছে বলে তীব্র সন্দেহ দেখা দিয়েছে।
পুলিশ এর সঙ্গে জড়িত সন্দেহে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করেছে এবং আরো অনেককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছে এনডিটিভি।
এ ঘটনার পর হোটেল, রেস্তরাঁয় মাংস বিক্রিতেও প্রভাব পড়েছে। কলকাতায় বিরিয়ানি, কাবাব ও কাবাব-রোলের দোকানগুলোতে আর যাচ্ছেন না সচেতন ভোক্তারা। বিরিয়ানিতে দেওয়া মাংস রোগে বা অন্য কোনও ভাবে মরা মুরগির মাংস বলেই সন্দেহ বাড়ছে।
গত শুক্রবারই কলকাতার রাজাবাজারের একটি কোল্ড স্টোরেজ থেকে পুলিশ উদ্ধার করেছে প্রায় ২০ টন মৃত পশুর মাংস।
উত্তর ২৪ পরগনায় নিউ টাউনের একটি খামারেও পুলিশ হানা দিয়েছে। সেখানকার সিল করা ফ্রিজার ভাঙার পর এটি বাজেয়াপ্ত করা হয়। খামারের দুই কর্মকর্তাকে ধরা যায়নি। তবে তাদের আরও একটি খামারের সন্ধান মিলেছে লেকটাউন থানা এলাকায়। সেখানেও মরা মুরগি পাওয়ার অভিযোগ উঠেছে।
ফ্রিজারে মরা মুরগির মাংস রেখে দেওয়া হত । সেই মাংসই পরে সরবরাহ করা হত। সংরক্ষণের জন্য রাসায়নিক দ্রবণ ব্যবহারেরও অভিযোগ উঠেছে।
গত ১৯ এপ্রিল দক্ষিণ ২৪ পরগনা জেলায় স্থানীয়রা ভাগাড় থেকে বেরিয়ে আসা একটি ট্যাক্সি আটকায়। সে সময় মরা পশুর পচা মাংসের সন্ধান পেয়ে তারা গাড়িতে থাকা লোকজনকে ধরে পুলিশে খবর দেয়।
এরপরই পুলিশ জানতে পারে, একটি সংঘবদ্ধ চক্র কলকাতার আশপাশে কয়েকটি ভাগাড় থেকে মরা পশুর মাংস সংগ্রহ করে আসছে।
উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কোটেশ্বর রাও বলেছেন, বড় কিছু রেস্তোরাঁ ব্র্যান্ডেও এই মাংস যায় বলে তিনি ধারণা করছেন।
এর পেছনে প্রভাবশালী লোকেরাও জড়িত থাকতে পারে বলে তিনি ধারণা প্রকাশ করেন।
পুলিশ মাংসের নমুনা ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। সমস্যা সমাধানের জন্য কলকাতা পৌর করপোরেশনও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে।
