২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জম্মু ও কাশ্মিরে ৮ বিচ্ছিন্নতাবাদী নিহত

ভারতের জম্মু ও কাশ্মির রাজ্যের দুটি জেলায় নিরাপত্তা বাহিনীর অভিযানে আট বিচ্ছিন্নতাবাদী নিহত হয়েছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 01:20 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

রোববার ভোররাতে রাজ্যটির শোপিয়ান ও অনন্তনাগ জেলায় অভিযানগুলো চালানো হয় বলে জানিয়েছে পুলিশ, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির। 

নিহতদের মধ্যে সাত জন শোপিয়ানের দ্রাগগাদ গ্রামে চালানো অভিযানে মারা যান।

অনন্তনাগের অভিযানে এক বিচ্ছিন্নতাবাদী নিহত ও অপরজনকে জীবিত আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের পরিবারের সঙ্গে যোগাযোগ করার পর পরিবারের সদস্যরা তাদের আত্মসমর্পণ করতে অনুরোধ করে। একজন আত্মসমর্পণ করলেও অপরজন প্রত্যাখ্যান করে। পরে গোলাগুলিতে সে নিহত হয়। 

এক টুইটে রাজ্য পুলিশের শীর্ষ কর্মকর্তা এসপি ভায়িদ বলেছেন, “অনন্তনাগের দিয়ালগামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। তার পরিবার ও পুলিশ তাকে আত্মসমর্পণে রাজি করাতে ব্যর্থ হয়। অপর একজনকে আটক করা হয়েছে। দ্রাগগাদে শীর্ষ কমান্ডারসহ সাত সন্ত্রাসীর লাশ পাওয়া গেছে।” 

শোপিয়ান ও অনন্তনাগের এই অভিযানে নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

শোপিয়ানে আরেকটি অভিযানে লুকিয়ে থাকা তিন থেকে চার জন সন্ত্রাসীর সঙ্গে নিরাপত্তা বাহিনীর বন্দুক লড়াই চলছে বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা।

গত তিনদিন ধরে দক্ষিণ কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের ধারাবাহিক হামলায় পুলিশের দুই কর্মকর্তা নিহত হওয়ার পর নিরাপত্তা বাহিনী অনেকগুলো অভিযান শুরু করে। এসব অভিযানের কারণে দক্ষিণ কাশ্মিরে ইন্টারনেট ব্লক করার পাশাপাশি শ্রীনগর থেকে বানিহাল পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে।