২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

১৯৭১ সালে ছিনতাই হওয়া ভারতীয় বিমানের পাইলটের মৃত্যু

ইন্ডিয়ান এয়ারলাইন্সের যে উড়োজাহাজটি ১৯৭১ সালে ছিনতাই করে পাকিস্তানে নিয়ে যাওয়া হয়েছিল তার পাইলট ক্যাপ্টেন এম কে কাচরু মারা গেছেন। 

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2018, 12:13 PM

Updated : 08 Apr 2022, 06:09 PM

দীর্ঘদিন রোগ ভোগের পর শনিবার দিল্লির নিকটবর্তী ফরিদাবাদে ৯৩ বছর বয়সে তার মৃত্যু হয় বলে জানিয়েছে তার পরিবার, খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।  

১৯৭১ সালের ৩০ জানুয়ারি ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ ২৬ জন যাত্রী ও চার জন ক্রু নিয়ে কাশ্মিরের শ্রীনগর থেকে জম্মুর উদ্দেশ্যে রওনা হয়েছিল। পাইলট কাচরু উড়োজাহাজটি চালাচ্ছিলেন।

কিন্তু মাঝ আকাশে দুই কাশ্মিরি বিচ্ছিন্নতাবাদী উড়োজাহাজটি ছিনতাই করে সেটি পাকিস্তানের লাহোরে নিয়ে যেতে কাচরুকে বাধ্য করে।

ছিনতাইকারীরা ভারতের কারাগারে বন্দি তাদের বেশ কয়েকজন সঙ্গীর মুক্তি দাবি করে। ভারত তাদের দাবি প্রত্যাখ্যান করে।

এরপর উড়োজাহাজটির সব যাত্রী ও ক্রুদের মুক্তি দিয়ে উড়োজাহাজটি জ্বালিয়ে দেয় ছিনতাইকারীরা। কাচরুসহ সব যাত্রী ও ক্রুরা স্থলপথে অমৃতসর হয়ে ভারতে ফিরে যায়।

এ ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের আকাশপথে পাকিস্তানি বিমানের প্রবেশ নিষিদ্ধ করেছিল ভারত।