ভারতে প্রশ্নপত্র ফাঁস: ২য় বার পরীক্ষায় বসবে ১৬ লাখ শিক্ষার্থী
ভারতে মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত দশম ও দ্বাদশ শ্রেণীর দুটো বিষয়ের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ায় ১৬ লাখ শিক্ষার্থীকে আবারও পরীক্ষায় বসতে হচ্ছে।
ফাঁসের ঘটনা খতিয়ে দেখতে দিল্লি পুলিশের অপরাধ দমন শাখার বিশেষ একটি তদন্ত দল কাজ শুরু করেছে।
পুলিশ অন্তত ৩২ জনকে জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছে বিবিসি; যারা হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া অর্থনীতি ও অঙ্ক বিষয়ক প্রশ্ন হাতে পেয়েছে।
নতুন পরীক্ষার দিনক্ষণ শিগগিরই ঘোষণা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
গত সোমবার পরীক্ষার আগেই দ্বাদশ শ্রেণির অর্থনীতি বিষয়ের প্রশ্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বলে দাবি শিক্ষার্থী ও অভিভাবকদের।
বুধবার দশম শ্রেণির গণিত পরীক্ষার প্রশ্ন নিয়েও একই অভিযোগ ওঠার পর সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরীক্ষা দুটি বাতিল ঘোষণা করে।
‘নিরপেক্ষতা ও পবিত্রতা রক্ষার স্বার্থে’ পরীক্ষা দুটি নতুন করে নেওয়ার ঘোষণা দেওয়া হয়।
প্রশ্ন ফাঁসের পেছনে কোচিং সেন্টারগুলোর হাত থেকে থাকতে পারে বলে তদন্তে আভাস পাওয়া যাচ্ছে। পুলিশ এরই মধ্যে দিল্লির বেশ কয়েকটি এলাকার কোচিং সেন্টারে তল্লাশি চালিয়েছে।
তদন্তকারীদের কেউ কেউ ধারণা করছেন, ফাঁস হওয়া প্রশ্ন ১০ থেকে ১৫ হাজার টাকায় বিক্রি হয়েছিল। যদিও প্রশ্নফাঁসে টাকাকড়ির লেনদেনের ব্যাপারে দিল্লির ক্রাইম ব্রাঞ্চ এখনো কিছু বলেনি।
ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রকাশ জাভেদকর প্রশ্নফাঁসের ঘটনার পর অনলাইন নিরাপত্তা আরো কঠোর করার প্রতিশ্রুতি দিয়েছেন। যারা প্রশ্ন ফাঁস করেছে তাদেরকে ছেড়ে দেওয়া হবে না বলেও শাসিয়েছেন তিনি। জাভেদকর বলেন, “পুলিশ নিশ্চয়ই অপরাধীদের শিগগিরই খুঁজে বের করবে।”
প্রশ্ন ফাঁসের ঘটনায় রাজনীতিও সরগরম হয়ে উঠেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কটাক্ষ করে এবং নিন্দা জানিয়ে টুইট করেছেন প্রধান বিরোধীদলের সভাপতি রাহুল গান্ধী। অনলাইন নিরাপত্তা রক্ষা নিয়ে জবাবদিহিতার চাপে পড়েছে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
