কর্নাটকে পুরোহিতকে মারধরের ‘ভুয়া খবর’, সম্পাদক আটক
ভারতের কর্নাটকে পুরোহিতকে মারধরের ভুয়া খবর ছাপানোর অভিযোগে ডানপন্থি এক অনলাইন সংবাদমাধ্যমের সম্পাদককে গ্রেপ্তার করা হয়েছে।
রক্ষণশীল ধারার পোস্টকার্ড নিউজের ওয়েবসাইটে গত ১৮ মার্চ জৈন মতবাদে বিশ্বাসী এক পুরোহিতকে মুসলমানরা মারধর করেছে বলে সংবাদ প্রকাশিত হয়, খবরের সঙ্গে জুড়ে দেওয়া হয় আহত পুরোহিতের মাথায় ও কাঁধে আঘাতের ছবি।
দক্ষিণ ব্যাঙ্গালোরের পুলিশ পরে জানায়, ওই পুরোহিত মারধরে নয় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন।
মিথ্যা সংবাদ প্রকাশ করে অস্থিরতা উসকে দেওয়ার অভিযোগে রাজ্যের ক্ষমতাসীন দল কংগ্রেস পোস্টকার্ডের সম্পাদকের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর বৃহস্পতিবার পুলিশ মহেশ হেগডেকে গ্রেপ্তার করে বলে জানায় বিবিসি।
কংগ্রেস বলছে, বিজেপিকে সুবিধা দিতেই হেগডে ওই খবর ছেপেছিলেন।
ভারতে ‘ভুয়া খবর’ প্রকাশের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো আইন নেই; তবে ধর্মীয় বিদ্বেষ সৃষ্টি করতে পারে এমন কিছু প্রকাশকে অপরাধ হিসেবে বিবেচনা করা হয়।
মহেশ হেগডে ১৮ মার্চ পুরোহিতকে মারধরের সংবাদটি প্রকাশ করেন; যদিও কয়েকদিন পর তা তুলে নেওয়া হয়। সংবাদ প্রকাশ এবং তুলে নেওয়া বিষয়ে পোস্টকার্ড বা তার সম্পাদক কোনো বিবৃতিও দেননি।
“দুর্ঘটনার পর পুরোহিত যখন চিকিৎসা নিচ্ছিলেন তখনই তার এক শিষ্য একটি ছবি তোলেন। হেগডে ওই ছবি দেখিয়ে পুরোহিতের ওপর মুসলমানরা হামলা করেছে বলে তার ওয়েবসাইটে সংবাদ প্রকাশ করেন, যে কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে,” বলেন জ্যেষ্ঠ পুলিশ কর্মকর্তা সতীশ কুমার।
