২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদীর অ্যাপ এ তথ্য পাচারের অভিযাগ ঘিরে তোলপাড়

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ‘নমো’ অ্যাপের বিরুদ্ধে তথ্য পাচারের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয়েছে স্যোশাল মিডিয়ায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউজডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 08:47 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

কেমব্রিজ অ্যানালিটিকার পর এবার নরেন্দ্র মোদীর নামাঙ্কিত মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরি যাওয়ার এ অভিযোগ নিয়ে সরগরম হয়ে উঠেছে রাজনীতি। প্রধান বিরোধীদল কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী টুইটারে বিষয়টি নিয়ে কটাক্ষও করেছেন।

এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ টুইটারে তথ্য পাচারের অভিযোগ তোলার পরই ভারত জুড়ে বিষয়টি নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়।

ছদ্মনাম ব্যবহার করা ওই বিশেষজ্ঞ এলিয়ট অ্যালডারসন তার টুইটে বলেছেন, নরেন্দ্র মোদীর অ্যাপ সাইনআপ করার সঙ্গে সঙ্গে ব্যবহারকারীদের যাবতীয় তথ্য তৃতীয়-পক্ষের ডোমেইনে চলে যায়। কারণ, ওই ডোমেইনের মালিকানা যুক্তরাষ্ট্রের একটি সংস্থার ।

এলিয়টের টুইটার একাউন্ট থেকে শনিবার তথ্য চুরি নিয়ে বেশ কয়েকটি স্ট্যাটাস দেওয়া হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

তবে মোদীর দল ভারতীয় জনতা পার্টি (বিজেপি) এ অভিযোগ অস্বীকার করেছে।

বিজেপির পক্ষ থেকে বলা হয়, গ্রাহকদের ‘সবচেয়ে প্রাসঙ্গিক বিষয়বস্তু’ সম্পর্কে জানাতেই শুধুমাত্র তাদের তথ্য ব্যবহার করা হয়।

মোদী অ্যাপ থেকে গ্রাহকদের তথ্য পাচারের খবর ছড়িয়ে পড়ার পর রাহুল গান্ধী রোববার এক টুইটে প্রধামন্ত্রীর কড়া সমালোচনা করে লেখেন, “হাই! আমার নাম নরেন্দ্র মোদী। আমি ভারতের প্রধানমন্ত্রী। যখন আপনি আমার অফিসিয়াল অ্যাপ সাইন আপ করবেন, তখনই আমি আপনার সব তথ্য আমেরিকায় আমার বন্ধু কোম্পানিকে দিয়ে দেব।”

বিজেপি থেকে দ্রুত এর জবাব দেওয়া হয়। বলা হয়, রাহুল আসলে জনগণের মনযোগ অন্যদিকে সরাতে চাইছেন।

গত সপ্তাহে ভারতের আইন ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী রবি শঙ্কর প্রসাদ বিতর্কিত কেমব্রিজ অ্যানালিটিকার সঙ্গে কংগ্রেস পার্টির যোগাযোগ থাকার ‘বেশ কয়েকটি রিপোর্ট’ থাকার দাবি করেন।

কংগ্রেস পার্টি এই দাবি সঠিক নয় বলে জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের প্রচারণায় পরামর্শক হিসেবে কাজ করা কেমব্রিজ অ্যানালিটিকা পাঁচ কোটি ফেইসবুক গ্রাহকের ব্যক্তিগত তথ্য হাতিয়ে কাজে লাগিয়েছে বলে খবর প্রকাশের পর গত সপ্তাহেই বিষয়টি নিয়ে সরব হন মন্ত্রী রবি শঙ্কর।