২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্থানীয় নেতার গাড়ির ধাক্কায় বিহারে দুই সাংবাদিক নিহত

ভারতের বিহার রাজ্যে গ্রাম কাউন্সিলের প্রধান ও তার সঙ্গীরা গাড়ি চালিয়ে দিয়ে দুই সাংবাদিককে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2018, 01:55 PM

Updated : 08 Apr 2022, 06:07 PM

রোববার রাতে পাটনা থেকে প্রায় ৮০ কিলোমিটার পশ্চিমে ভোজপুর জেলায় ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছে এনডিটিভি।  

দৈনিক ভাস্করের সাংবাদিক নবীন নিশ্চল ও তার সহকর্মী বিজয় সিং একটি মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি গাড়ি তাদের ধাক্কা দিয়ে ফেলে উপর দিয়ে চলে যায়। গ্রামপ্রধান মোহাম্মদ হারসু ও তার ছেলে গাড়িটিতে ছিলেন বলে অভিযোগ করা হয়েছে।

জেলা শহর আরার পথে থাকা সময় মোহাম্মদ হারসুর স্করপিও এসইউভি সাংবাদিকদের বহনকারী মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়।

এ সময় একদল উত্তেজিত জনতা এসইউভিটিকে ঘিরে ফেললে হারসু ও তার ছেলে গাড়ি ফেলে পালিয়ে যায়। জনতা গাড়িটিতে আগুন ধরিয়ে দেয়।

বেশ কয়েকটি ফৌজদারি মামলার অভিযোগের মুখে থাকা হারসু ও তার ছেলে তারপর থেকে নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।