মৈত্রী এক্সপ্রেসে বাংলাদেশি নারীর শ্লীলতাহানিতে বিএসএফ বরখাস্ত
মৈত্রী এক্সপ্রেসে এক বাংলাদেশি নারীকে শ্লীলতাহানির অভিযোগে এক বিএসএফ সদস্যকে বরখাস্ত করা হয়েছে।
ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর (বিএসএফ) সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ৯৯ বিএন বিএসএফের কনস্টেবল ভীরান্না ভাবীকে বরখাস্তের কথা জানিয়েছে।
মৈত্রী এক্সপ্রেসে কলকাতা থেকে ঢাকা আসার পথে ওই বিএসএফ সদস্য বাংলাদেশি নারীকে শ্লীলতাহানি করেন বলে সোমবার কলকাতা স্টেশন ম্যানেজারের কাছে অভিযোগ দায়ের করেন তার স্বামী।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ঘটনার তদন্তে কনস্টেবল ভীরানার সম্পৃক্ততা পাওয়া গেছে। এরপর তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
“এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে রেল কর্তৃপক্ষকে সব ধরনের সহযোগিতা করছে বিএসএফ।”
বাংলাদেশ-ভারতের মধ্যে চলাচলকারী ট্রেন মৈত্রী এক্সপ্রেসে নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিএসএফের কোম্পানি ৯৯ বিএন বিএসএফ।
