বিধানসভা নির্বাচন: আসামে শেষ দফার ভোট শুরু
আসামের বিধানসভা নির্বাচনে দ্বিতীয় ও শেষ দফার ভোট শুরু হয়েছে।
সোমবার সকাল ৭টা থেকে ৬১টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে বলে রাজ্যের অতিরিক্ত প্রধান নির্বাচনী কর্মকর্তা নিতিন খাড়ে জানিয়েছেন।
তিনি বলেন, কেন্দ্রগুলোতে নিরাপত্তা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে। ভোটের জন্য যাবতীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
“প্রয়োজন হলে আরও সদস্য মোতায়েনের প্রস্তুতি আছে।”
আসামের বিধানসভায় মোট ১২৬ আসনের মধ্যে ৬৫ আসনে গত ৪ এপ্রিল প্রথম দফায় ভোট নেওয়া হয়েছে।
দ্বিতীয় দফায় আসামের নির্বাচনে ৫২৫ প্রার্থীর মধ্য থেকে জনপ্রতিনিধি বাছাই করবেন প্রায় দেড় কোটি ভোটার।
দেড় শতক ধরে রাজ্যটির মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকা কংগ্রেসের তরুণ গগৈকে এবারের নির্বাচনে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখোমুখি হতে হবে বলে ধারণা করা হচ্ছে।
স্থানীয় গণমাধ্যমগুলো বেশিরভাগ আসনেই ত্রিমুখী লড়াইয়ের আভাস দিয়ে বলছে, বিজেপি নেতৃত্বাধীন জোটেরই জয়ী হওয়ার সম্ভাবনা বেশি।
দলটি এবার অসম গণপরিষদ ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্টের (বিপিএফ) সঙ্গে জোট বেঁধেছে। অসম গণপরিষদ এর আগে দুই দফা রাজ্যের ক্ষমতায় ছিল, আর বিপিএফের কাছে রয়েছে স্বায়ত্তশাসিত বোড়োল্যান্ডের নিয়ন্ত্রণ।
অন্যদিকে রাজ্যে কর্তৃত্ব ধরে রাখতে নির্বাচনের আগে মরিয়া কংগ্রেস ও ইউনাইটেড পিপলস পার্টির (ইউপিপি) জোট অল ইন্ডিয়া ইউনাইটেড ডেমক্রেটিক ফ্রন্টকে (এআইইউডিএফ) সঙ্গে নেওয়ার চেষ্টা করেও বিফল হয়েছে।
এআইইউডিএফের নেতা মৌলানা বদরুদ্দিন আজমল এজন্য মুখ্যমন্ত্রী হিসেবে ‘তরুণ গগৈর ব্যর্থতা’কে দায়ী করেছেন। একইসঙ্গে ‘বিজেপির সঙ্গে কখনোই গাঁটছড়া বাঁধা হবে না’ বলেও খোলাসা করেছেন তিনি।
অসমিয়া ও আদিবাসীদের ভোট কাড়তে নির্বাচনের অনেক আগে থেকেই ‘আসামে বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশ’ প্রশ্নে ক্ষমতাসীন কংগ্রেসকে কোনঠাসা করার চেষ্টা করে আসছে বিজেপি ও তার মিত্র দলগুলো।
তাদের দাবি, রাজ্যের অধিকাংশ মুসলমানই বাংলাদেশ থেকে আসা ‘অবৈধ অনুপ্রবেশকারী’; এদের সুযোগ দিতে গিয়ে কংগ্রেস সরকার অসমিয়াদের ক্ষতিগ্রস্ত করেছে।
A voter shows his index finger with a mark of indelible ink after casting his vote.
সোমবারের শেষ দফার নির্বাচনে বিজেপি ৩৫টি, তাদের মিত্র অসম গণপরিষদ ১৯টি ও বোড়োল্যান্ড পিপলস ফ্রন্ট ১০টি আসনে প্রার্থী দিয়েছে। কংগ্রেস জোট ৬১টি আসনে ও এআইইউডিএফ ৪৭টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে।
এই দফার নির্বাচনে আলোচিত প্রার্থীদের মধ্যে অসম গণপরিষদের শীর্ষ নেতা প্রফুল্ল কুমার মহন্ত বহরমপুর, কংগ্রেস নেতা রকিবুল হুসেইন সমগুরি, বিজেপি নেতা হিমান্ত বিশ্ব শর্মা জালুকবাড়ি ও এআইইউডিএফ প্রধান বদরুদ্দিন আজমল উত্তর সালমারা আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
