২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাঠানকোট হামলা তদন্তে ২৭ মার্চ ভারত যাচ্ছে পাকিস্তান দল

পাঠানকোট বিমান ঘাঁটিতে জঙ্গি হামলার ঘটনা তদন্তে সাহায্য করতে পাকিস্তানের একটি দল ২৭ মার্চে ভারতে যাবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Mar 2016, 07:19 PM

Updated : 12 Apr 2022, 01:39 AM

ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ শুক্রবার এ ঘোষণা দিয়েছেন।

বৃহস্পতিবার নেপালে সার্ক মন্ত্রীদের আঞ্চলিক সম্মেলনের ফাঁকে সুষমা স্বরাজ ও পাকিস্তানের বৈদেশিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা সারতাজ আজিজের বৈঠক হয়।

ওই বৈঠকের পরই ২৭ মার্চ পাকিস্তানের তদন্তকারীদলের ভারতে যাওয়ার ওই ঘোষণা আসে।

জানুয়ারিতে পাকিস্তান সীমান্তবর্তী ভারতের পাঠানকোট বিমান ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সাত ভারতীয় সেনা ও ছয় জঙ্গির মৃত্যু হয়।

জঙ্গিরা ভারতীয় সেনাদের পোশাক পরে বিমান ঘাঁটিতে হামলা চালায়। পাকিস্তানের সংগঠন জইশ-ই-মোহাম্মদ এ হামলা চালিয়েছে বলে অভিযোগ তোলে ভারত।

যদিও পরে এক ডজনেরও বেশি জঙ্গি সংগঠন (যেগুলো কাশ্মীরে ভারতের শাসনের বিরোধিতা করে আসছে) নিয়ে গঠিত ‘দ্য ইউনাইটেড জিহাদ কাউন্সিল’ এ হামলার দায় স্বীকার করে।

তবে ভারতের নিরাপত্তা কর্মকর্তরা এখনও জইশ-ই-মোহাম্মদ কেই দায়ী করছে। ওই হামলার পর দুই দেশের কূটনীতিকদের পূর্ব নির্ধারিত বৈঠক বাতিল হয়ে যায়।

পাকিস্তান জানায়, ওই ঘটনার পর তারা জইশ-ই-মোহাম্মদের বেশ কয়েকজন সদস্যকে আটক করেছে।

নেপালের পোখরায় দক্ষিণ এশিয়ার আটটি দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ কূটনীতিকদের সম্মেলন অনুষ্ঠিত হয়।