২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতে আদালতেই ছাত্রনেতাকে আইনজীবীদের মারধোর 

ভারতের দিল্লিতে একটি আদালত চত্বরে একদল আইনজীবী ‘রাষ্ট্রদ্রোহের মামলায়' অভিযুক্ত দেশটির খ্যাতনামা একটি বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রনেতাকে গণপিটুনি দিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Feb 2016, 08:30 PM

Updated : 12 Apr 2022, 01:27 AM

স্থানীয় গণমাধ্যমগুলোর খবরে বলা হয়, আইনজীবীরা স্লোগান দিতে দিতে কানহাইয়া কুমার নামে ওই ছাত্রনেতাকে মারধোর করে।

বিজেপি সমর্থক ওই আইনজীবীদের মারধরে গুরুতর জখম হন কানহাইয়া। তাকে এজলাসে ঢোকানোর আগেই দু’দল আইনজীবীর মধ্যে মারামারিতে আক্রান্ত হন সাংবাদিকরাও। আদালত চত্বর পরিণত হয় রণক্ষেত্রে। তারপরও দিল্লি পুলিশ কারও বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি।

দিল্লির পাতিয়ালা হাউজ কোর্ট কানহাইয়াকে দু’সপ্তাহের জন্য জেল হেফাজতে পাঠিয়েছে। পরবর্তীতে মামলার শুনানি হবে বলে জানিয়েছে বিবিসি।

কানহাইয়া আক্রমণকারীদের চিহ্নিত করেছেন। ওদিকে,অভিযুক্ত আইনজীবীরাও অভিযোগ স্বীকার করে বলেছেন, কানহাইয়াকে মেরে তারা গর্বিত।

২০১৩ সালে মোহাম্মদ আফজাল গুরুর মৃত্যুদণ্ডের প্রতিবাদে ভারত-বিরোধী স্লোগান দেওয়ার অভিযোগে কানহাইয়াকে গ্রেপ্তার করা হয়।

২০০১ সালে ভারতের পার্লামেন্টে হামলা পরিকল্পনার অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছিলেন আফজাল ‍গুরু। যদিও বরাবরই ওই অভিযোগ অস্বীকার করেছেন তিনি।

কাশ্মীরের জঙ্গিদের ওই হামলায় ১৪ জন  নিহত হয়েছিল। বিচারে আফজাল গুরুকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং ২০১৩ সালের ৯ ফেব্রুয়ারি তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।

কানহাইয়ের বিরুদ্ধে মামলায় এর আগেও শুনানির দিন আদালতে সংঘর্ষ হওয়ার পর ভারতের সুপ্রিম কোর্ট এ বিষয়ে সুনির্দিষ্ট নির্দেশ দেয়। এ  নির্দেশ কার্যত অগ্রাহ্য করেই এদিন আদালত চত্বরকে রণক্ষেত্র বানান আইনজীবীরা।

পরিস্থিতি মোকাবেলায় সুপ্রিম কোর্টের একদল প্রতিনিধি দ্রুত দিল্লির পাতিয়ালা আদালত প্রঙ্গণে যান।

ঘটনাস্থলে উপস্থিত বিবিসি’র এক সাংবাদিক বলেন, এ মামলার খবর সংগ্রহ করতে আদালত প্রাঙ্গণে উপস্থিত গণমাধ্যমকর্মীদের লক্ষ্য করে ইট ছোড়া হয়েছে।