২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারতীয় বিজ্ঞান কংগ্রেসের ‘উদ্দেশ্য’ নিয়ে সন্দেহ শীর্ষ বিজ্ঞানীদের

নরেন্দ্র মোদীর সরকারের অধীনে ভারতে সাম্প্রতিক সময়ে ধর্মীয় অসহিষ্ণুতা বাড়তে থাকায় হতাশ বিজ্ঞানীদের অনেকেই এবার দেশটির বিজ্ঞান কংগ্রেসের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভারত প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2016, 01:13 PM

Updated : 20 Aug 2022, 11:31 AM

নোবেলজয়ী বিজ্ঞানী ভেঙ্কটরমন রামকৃষ্ণন বলেছেন, “বিজ্ঞান কংগ্রেস সার্কাসে পরিণত হয়েছে। আমি সেখানে গিয়েছিলাম এবং সিদ্ধান্ত নিয়েছি, আর কখনো ওমুখো হবো না।”

২০০৯ সালে রসায়নে নোবেলজয়ী ভারতীয় বংশোদ্ভূত এই ‘স্ট্রাকচারাল বায়োলজিস্ট’ যুক্তরাজ্যের রয়্যাল সোসাইটির প্রেসিডেন্ট।

টাইমস অব ইন্ডিয়াকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, “কেন আমি (বিজ্ঞান কংগ্রেসে গিয়ে) সময় নষ্ট করব, যেখানে বিজ্ঞান নিয়ে খুব কমই আলোচনা করা হয়? কাল্পনিক আবর্জনার পেছনে নষ্ট করার মতো সময় আমার নেই।”

রোববার থেকে মহীশুর বিশ্ববিদ্যালয়ে এবারের ভারতীয় বিজ্ঞান কংগ্রেস শুরু হয়। ১০৩তম এই কংগ্রেস শেষ হওয়ার কথা রয়েছে বৃহস্পতিবার।

বিজ্ঞানীদের কারও কারও অভিযোগ, বিজ্ঞানের দিকে মনোযোগ না দিয়ে বিজেপি প্রশাসনের অধীনে এই সম্মেলনে রাজনৈতিক রঙ দেওয়া হচ্ছে।

‘বৈদিক ঋষিরাই উড়োজাহাজ আবিষ্কার করেছেন’- এমন দাবি করে গতবছর রীতিমতো বিজ্ঞানীদের পিলে চমকে দেন সম্মেলনের এক বক্তা।

হায়দ্রাবাদের বিএম বিরলা সায়েন্স সেন্টারের পরিচালক বি জি সিদ্ধার্থ বিজ্ঞান কংগ্রেসকে তুলনা করেছেন ‘কুম্ভমেলার’ সঙ্গে।

তিনি সাংবাদিকদের বলেন, “মনে হচ্ছে, আমাদের এই বিজ্ঞান কংগ্রেস সাধুদের হাতে ছেড়ে দেওয়া উচিৎ। তারাই আসুক, পৌরাণিক কল্পকাহিনী নিয়ে কথা বলুক।”

সিদ্ধার্থের অভিযোগ, এবারের কংগ্রেসের আয়োজকরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আগমন ঘিরেই পুরো মনোযোগ ঢেলে দিয়েছেন।

“এর চেয়ে অনেক ভালো হতো, যদি আমরা বিজ্ঞান কংগ্রেস আয়োজনের টাকা দিয়ে একটা মেডিকেল কলেজ বানাতাম, যেখানে গরিব মানুষের চিকিৎসা দেওয়ার জন্য চিকিৎসক তৈরি হবে। বিজ্ঞান কংগ্রেস স্রেফ অপচয়।”

ভারতে সাম্প্রতিক সময়ে ‘সাম্প্রদায়িক অসহিষ্ণুতা’ বেড়ে যাওয়ায় উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করে লেখক, সংস্কৃতি কর্মীদের মতো অনেকেই সম্মাননা ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।

বিভিন্ন রাজ্যে ‘গো মাংস’ নিষিদ্ধ করা এবং হামলা, গণপিটুনির মতো ঘটনার পর ভারতের বিখ্যাত অনুজীববিজ্ঞানী পি এম ভার্গব সম্প্রতি মোদীর ‘গেরুয়া বাহিনী’কে আয়ুর্বেদ শাস্ত্র চড়ক সংহিতা পড়ার উপদেশ দিয়ে বলেছিলেন, ওখানে ছয় ধরনের চিকিৎসায় গরুর মাংস খাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।  

যুক্তরাষ্ট্রের প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের গণিতজ্ঞ মঞ্জুল ভার্গব অবশ্য এবারের বিজ্ঞান কংগ্রেসে যোগ দিয়ে ‘অনেক ভাল’ বিষয় দেখতে পাওয়ার কথা বলেছেন।   

“বিজ্ঞান কংগ্রেস তরুণদের অনুপ্রাণিত করে। সম্মেলনে বক্তৃতা দেওয়ার পর তরুণ বিজ্ঞানীরা আমাকে একেবারে ছেঁকে ধরেছিল। তাদের ই-মেইলের বন্যায় আমার ভেসে যাওয়ার দশা। কংগ্রেস তো এভাবেই কাজ করবে।”

তিনি বলেন, তরুণরা যখন অধিবেশনগুলোতে রামকৃষ্ণনের মতো বিজ্ঞানীদের কথা শুনবে, তখন তারা আরও অনুপ্রাণিত হবে।

“তাই আমার মনে হয়, এটা কোনোভাবেই অপচয় নয়।”

মঞ্জুলের মতো এতোটা আশাবাদী হতে পারছেন না বিজ্ঞানীদের অনেকেই। তাদের মতে, পৌরাণিক গালগল্প আর আলোচনার বিষয়গুলো আগে থেকে ‘ছেঁটে ফেলতে পারলেই’ বিজ্ঞান কংগ্রেস তার প্রাসঙ্গিকতা বজায় রাখতে পারবে।

প্রাণিবিজ্ঞানী সুদেষ্ণা মুখার্জি বলেন, “বেদের বিজ্ঞান রসিকতা ছাড়া আর কি হতে পারে? আমাদের ঋষিরাই যদি উড়োজাহাজ আবিষ্কার করে থাকেন, তাহলে সেগুলো কোথায় উধাও হয়ে গেল? রাইট ভাইদের কেন আবার তা আবিষ্কার করতে হলো?”