‘ভুয়া’ পাসপোর্টসহ বাংলাদেশিকে আটকের খবর দিল বিএসএফ
সাত ভারতীয় পাসপোর্ট নিয়ে ফেরার পথে বাংলাদেশি এক ট্রাকচালককে আটক করার খবর দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
বিএসএফের এক কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার পেট্রাপোল চেকপোস্ট থেকে শওকত গাজীকে (৪০) আটক করা হয়।
“বাংলাদেশে নিবন্ধিত একটি ট্রাক (টি এ কুষ্টিয়া ১১০৩৩৬) চালাচ্ছিল শওকত। তার কাছে সাতটি ভারতীয় পাসপোর্ট পাওয়া যায়, যেগুলোতে বিহার ও উত্তর প্রদেশের বিভিন্ন ঠিকানার মানুষের নাম ছিল।
“সবগুলো পাসপোর্টে সৌদি আরবের ভিসার সিল লাগানো ছিল।”
তাকে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য তুলে ধরে ওই কর্মকর্তা বলেন, ওই ট্রাকচালক শওকত ভারতে একটি চালান পৌঁছানোর পর একটি মুখবন্ধ খামে পাসপোর্টগুলো তার হাতে তুলে দেওয়া হয়।
“গাজী (শওকত) বলেছে, এখানকার (ভারত) কেউ তাকে বাংলাদেশি একজনের ঠিকানায় এটি পৌঁছে দিতে অনুরোধ করে। তদন্তের স্বার্থে নামগুলো এখনই প্রকাশ করছি না।”
শওতক ও তার সহকারী আবুল কালামকে পশ্চিমবঙ্গের বনগাঁও থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
“তবে বিজিবির সহায়তায় ট্রাকটিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে,” ওই বিএসএফ কর্মকর্তা বলেন।
পুলিশ কর্মকর্তারা জানান, শওকতের কাছ থেকে পাওয়া তথ্য অনুসরণ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হচ্ছে।
