পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৭
পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে ক্ষমতাসীন দলের একজন এমপির নির্বাচনী কার্যালয়ের সামনে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত সাত জন নিহত এবং বহু মানুষ আহত হয়েছে।
পুলিশ জানায়, বুধবার পাঞ্জাবের দেরা গাজী খান জেলায় ক্ষমতাসীন পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজ পার্টির এমপি সর্দার আমজাদ ফারুক খসার নির্বাচনী কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
বিস্ফোরণে আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। তাই নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা হাসপাতাল কর্তৃপক্ষের।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ডন এর অনলাইনে বলা হয়, দুইজন হামলাকারী গাড়ি চালিয়ে পিএমএল-এন নেতার রাজনৈতিক কার্যালয় প্রাঙ্গণে প্রবেশ করে এবং বিস্ফোরণ ঘটায়। ঘটনার সময় সেখানে প্রায় ৪০ জন লোক ছিল।
নিহতদের মধ্যে পিএমএল-এন'র স্থানীয় একজন নেতাও রয়েছেন।
এ ঘটনার নিন্দা জানানোর পাশাপাশি পাঞ্জাবের গভর্ণর রফিক রাজওয়ানা ও মুখ্যমন্ত্রী শাহবাজ শরিফ নিহতদের পরিবারের প্রতি সমোবেদনা জানিয়েছেন।
মাত্র দুই মাস আগে পাঞ্জাবের স্বরাষ্ট্রমন্ত্রী সুজা খানজাদা নিজের রাজনৈতিক কার্যালয়ে আত্মঘাতী বোমা হামলায় নিহত হন।
