২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘সেলফি তুলতে গিয়ে’ তাজমহলের সিঁড়ি থেকে পড়ে মৃত্যু

ভারতে তাজমহলের সিঁড়ি থেকে পিছলে পড়ে জাপানি এক পর্যটকের মৃত্যু হয়েছে বলে প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2015, 07:34 PM

Updated : 25 Apr 2022, 01:53 PM

প্রত্যক্ষদর্শী সাগর সিং বিবিসি’কে বলেন, “তাজমহলের রাজকীয় ফটকের উপর ‘সেলফি’ তোলার সময় ওই পর্যটক সিঁড়ি থেকে পড়ে যান।”

পুলিশ জানায়, পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি জ্ঞান হারান। মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন তিনি। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

আগ্রার পর্যটক পুলিশ কর্মকর্তা সুশান্ত গৌড় বলেন, দুর্ঘটনার সময় জাপানের ওই পর্যটকের সঙ্গে আরো তিনজন ছিলেন, যাদের একজন পড়ে গিয়ে পায়ে ব্যথা পান। তার পায়ের হাড়ে চিড় ধরেছে।

ওই পর্যটকের মৃত্যুর খবর জাপানের দূতাবাসে জানানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে বলেও জানান তিনি।

সাম্প্রতিক সময়ে সেলফি তুলতে গিয়ে হরহামেশাই এ ধরনের দুর্ঘটনা ঘটতে দেখা যাচ্ছে।

চলতি বছরের শুরুর দিকে রাশিয়া সরকার তরুণদের ঝুঁকিপূর্ণ স্থানে সেলফি তোলার সময় দুইবার চিন্তা করার বিষয়ে প্রচার শুরু করে।

গত মে মাসে মস্কোয় ২১ বছর বয়সী এক তরুণী মাথায় বন্দুক ধরে সেলফি তোলার সময় গুলিবিদ্ধ হন। সংকটাপন্ন অবস্থা থেকে বেঁচে যান তিনি।

অগাস্টে স্পেনে দেশটির ঐতিহ্যবাহী ‘বুল রানিং’ উৎসবে দৌড়ানোর সময় সেলফি তুলতে গেলে ষাঁড়ের শিংয়ের আঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়।