ধর্ষণে অভিযুক্ত সৌদি কূটনীতিক ভারত ছেড়েছেন
দুই নেপালি গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত সৌদি কূটনীতিক ভারত ছেড়ে চলে গেছেন। কূটনৈতিক সুরক্ষার আওতায় তিনি ভারত ছেড়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
ভারতের সৌদি দূতাবাস ধর্ষণের অভিযোগ পুরোপুরি অস্বীকার করে আসছে এবং কর্মকর্তাটির কূটনৈতিক সুরক্ষা বাতিলের অনুরোধও প্রত্যাখ্যান করেছে।
তবে ওই কর্মকর্তার ভারত ছাড়ার ফলে কূটনৈতিক টানাপোড়েন থেকে দুই দেশ রক্ষা পেল, বলছেন বিশ্লেষকরা।
ওই কূটনীতিকের বিরুদ্ধে অভিযোগ, গুরগাঁওয়ের ফ্ল্যাটে দুজন নেপালি নারীকে টানা কয়েক মাস ধরে আটকে রেখে তিনি লাগাতার ধর্ষণ করেছেন।
স্থানীয় একটি এনজিও’র কাছ থেকে পাওয়া অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই ফ্ল্যাটে অভিযান চালিয়ে আটক দুই নেপালি নারীকে উদ্ধার করে।
উদ্ধার হওয়া ৫০ ও ২০ বছরের দুই নেপালি নারী পুলিশকে জানান ওই ফ্ল্যাটে প্রায় চার মাস ধরে তাদের আটকে রাখা হয়েছিল।
এ সময়ের মধ্যে তাদেরকে অনেকেই ধর্ষণ করেছে। তাদের নিয়মিত মারধোর করা হয়েছে এবং খেতেও দেয়া হয়নি।
নেপাল থেকে প্রতি বছর হাজার হাজার নারী গৃহপরিচারিকার কাজের জন্য ভারতে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পাড়ি দেন।
ঐ দুই নেপালি নারী গত এপ্রিলে নেপালে ভূমিকম্পের পর কাজের সন্ধানে মধ্যপ্রাচ্যে পাড়ি দেন বলে জানা গেছে। সৌদি আরবের জেদ্দায় দু’সপ্তাহ কাটিয়ে মনিবের সঙ্গে তারা ভারতে চলে যান।
