কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে বোমা আতঙ্ক
‘বোমা পাতা হয়েছে’ এ ধরনের একটি ই-মেইল পাওয়ার পর আতঙ্কে খালি করা হয়েছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার সচিবালয় রাইটার্স বিল্ডিং।
পুলিশ জানায়, সিটি পুলিশের প্রধান কার্যালয়ে মঙ্গলবার ‘বোমা পাতার’ দাবি করে একটি ই-মেইল আসার পর পুরো ভবন খালি করে দিয়ে তল্লাশি চালানো হয়।
কলকাতা পুলিশের 'বোম্ব ডিস্পোজাল স্কোয়াড'ও দ্রুত সেখানে হাজির হয়। ভবনে কোনো বোমা আছে কিনা তা খুঁজে বের করতে ডগ স্কোয়াডও ব্যবহার করা হয়। কিন্তু সেখানে কিছুই পাওয়া যায়নি।
পুলিশের জয়েন্ট কমিশনার রাজিব মিশ্র বলেন, “এখন পর্যন্ত কিছুই পাওয়া যায়নি। খুব সম্ভবত কেউ তামাশা করেছে।”
বর্তমানে ঐতিহ্যবাহী ওই ভবনটির সংস্কার কাজ চলছে। একারণে ভবনের অধিকাংশ দপ্তর প্রতিবেশী জেলা হওড়ার ‘নবান্ন’ ভবনে নিয়ে যাওয়া হয়েছে।
