মুম্বাইয়ে মাংস বিক্রিতে নিষেধাজ্ঞা নিয়ে নিন্দার ঝড়
ভারতের মুম্বাইয়ে মাংস বিক্রি সাময়িকভাবে নিষিদ্ধ করাকে কেন্দ্র করে টুইটারে নিন্দার ঝড় উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে মহারাষ্ট্র রাজ্য সরকারের জোটেও মতবিরোধ দেখা দিয়েছে।
জৈনদের বিশেষ উৎসব ‘পর্যুষণ’ এর সময় মহারাষ্ট্রে খাসি, মুরগী ও শুকরের মাংস বিক্রি ১১ সেপ্টেম্বর থেকে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। সেখানে আগে থেকেই গরুর মাংস ক্রয়-বিক্রয় নিষিদ্ধ।
নতুন এই ঘোষণা পর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে সর্বস্তরের মানুষ সমালোচনা শুরু করে।
বিভিন্ন পত্রিকার সম্পাদকীয়তেও ধর্মীয় বিষয়ে সরকারকে নাক না গলানোর পরামর্শ দেয়া হয়।
মহারাষ্ট্রে বিজেপি জোটের গুরুত্বপূর্ণ শরিক শিব সেনাও এই নিষেধাজ্ঞার বিরুদ্ধে আওয়াজ তুলেছে বলে জানিয়েছে বিবিসি।
এর জবাবে সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সিদ্ধান্তের মূলে ছিল বিশ্বাস। জৈন ধর্মাবলম্বিরা ভারতে সংখ্যালঘু এবং তাদের সমাজের প্রতি সম্মান দেখাতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়।
ওদিকে মুম্বাইয়ের উপকণ্ঠ মিরা ভান্ডার পৌরসভা কর্তৃপক্ষ এই নিষেধাজ্ঞা আট দিনের বদলে দুই দিনে কমিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে।
জৈন ধর্ম বিশ্বাস অনুযায়ী, প্রাণী এবং উদ্ভিদ মানুষের মতোই জীবিত প্রাণ। তাই এদের সবাইকে একই রকম সম্মান দেখাতে হবে।
