নেপালে নতুন সংবিধান নিয়ে বিক্ষোভ-সহিংসতা অব্যাহত
প্রস্তাবিত সংবিধান নিয়ে উত্তরপশ্চিম নেপালের টিকাপুরে প্রাণঘাতী সহিংসতার পর জারি করা সান্ধ্য আইন উপেক্ষা করে বিভিন্ন ভবন ভাংচুর ও কয়েকটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছেন শহরটির বাসিন্দারা।
নেপালের পুলিশের বরাত দিয়ে মঙ্গলবার এ খবর জানিয়েছে বিবিসি।
টিকাপুরের সংখ্যালঘু থারু নৃগোষ্ঠীর সদস্যরাই প্রধানত এসব হামলার লক্ষ্যে পরিণত হয়েছেন।
সোমবারের সহিংসতায় সাত পুলিশ ও একটি শিশু নিহতের ঘটনায় থারুদের দায়ী করে তাদের ঘরবাড়িতে হামলা চালানো হয়।
নতুন সংবিধানে নিজেদের আরো অধিকার দাবি করে ওই দিন বিক্ষোভে নেমেছিল থারুরা। পরে বিক্ষোভ সহিংসতায় রূপ নেয়।
কাইলালি জেলার পুলিশের সহপ্রধান রাম কুমার খানাল জানিয়েছেন, প্রতিবাদকারীরা টিকাপুরের রেডিও স্টেশনসহ একটি গেস্ট হাউসেও হামলা চালিয়েছে।
উত্তেজিত জনতা থারু নৃগোষ্ঠীর অন্তর্ভুক্ত একজন আইনপ্রণেতার বাড়িতেও হামলা চালিয়ে ভাংচুর করেছে বলে জানিয়েছেন তিনি।
জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ বেশ কয়েকবার ফাঁকা গুলি করে বলেও জানিয়েছেন তিনি।
থারু গোষ্ঠীর লোকজন নিকটবর্তী গ্রামগুলোতে ও জঙ্গলে পালিয়ে গিয়ে আত্মরক্ষার চেষ্টা করছেন বলে জানা গেছে।
দেশটির দক্ষিণের রাউতাহাত জেলার গাউর শহরে অপর একটি সংখ্যালঘু নৃগোষ্ঠীর একই ধরনের বিক্ষোভ মিছিলে পুলিশের গুলিতে ১৮ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন।
মঙ্গলবারের এই ঘটনায় মাধেসি নৃগোষ্ঠীর বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদুনে গ্যাস নিক্ষেপ করে পুলিশ। পরে পরিস্থিতির অবনতি হলে ফাঁকা গুলি ছুঁড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়।
রাউতাহাত জেলার পুলিশ প্রধান মদন ভুজেল জানিয়েছেন, শহরটিতে এ ধরনের বিক্ষোভ মিছিলের উপর নিষেধাজ্ঞা জারি করা ছিল।
নতুন সংবিধান অনুযায়ী নেপাল সাতটি কেন্দ্রশাসিত রাজ্যে বিভক্ত হবে। এই সংবিধানে পর্যাপ্ত স্বায়ত্তশাসন না দিয়ে তাদের সঙ্গে বৈষম্য করা হয়েছে অভিযোগ তুলে নেপালজুড়ে বিক্ষোভ প্রদর্শন করছে দেশটির সংখ্যালঘু নৃগোষ্ঠীগুলো।
রাজধানী কাঠমান্ডু থেকে চারশ কিলোমিটার দূরের টিকাপুরের পরিস্থিতি স্বাভাবিক করতে সেখানে সেনাসহ অতিরিক্ত নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে।
এরইমধ্যে নেপালের প্রধান চারটি রাজনৈতিক দল বৈঠক করে জানিয়েছেন, তারা অসন্তুষ্ট গোষ্ঠীগুলোর বক্তব্য জানার জন্য তাদের সঙ্গে কথা বলবেন।
