আফগানিস্তানের হেরাতে বিস্ফোরণে ১০ শিশুর মৃত্যু
আফগানিস্তানের পশ্চিমাঞ্চলীয় হেরাত শহরের একটি গ্যাস স্টেশনে বড় ধরনের ধারাবাহিক বিস্ফোরণে ১০ শিশুসহ ১১ জন নিহত হয়েছেন।
সোমবার রাতের এসব বিস্ফোরণে পুরো শহর কেঁপে উঠে বলে গণমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে।
নিহতরা গ্যাস স্টেশনের পাশে যুদ্ধে উদ্ধাস্তু লোকজনের জন্য নির্মিত একটি শিবিরের বাসিন্দা বলে জানিয়েছেন এক কর্মকর্তা।
হেরাতের আঞ্চলিক হাসপাতালের মুখপাত্র রফিক শিরাজি জানিয়েছেন, ১১ জন নিহত ও আরো অন্ততপক্ষে ১৮ জন আহত হয়েছেন। এরা সবাই ওই উদ্বাস্তু শিবিরের বাসিন্দা বলে জানিয়েছেন তিনি।
অনলাইনে পোস্ট করা ছবি দেখে মনে হয়েছে, একটি প্রাকৃতিক গ্যাসের স্টেশনে বড় ধরনের আগুন লেগেছে, এতে রাতের আকাশ আলো হয়ে আছে।
আফগানিস্তানের তৃতীয় বৃহত্তম শহরটিতে ঘটা এসব বিস্ফোরণ কোনো দুর্ঘটনার কারণে ঘটেছে না সেখানে হামলা চালানো হয়েছে, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হওয়া যায়নি।
২০১৪ সালে এই শহরটির ভারতীয় কনস্যুলেটে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল।
