২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কায় পার্লামেন্ট নির্বাচন: ফিরছেন রাজাপাকসে?

নতুন একটি পার্লামেন্টের জন্য শ্রীলঙ্কায় শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক ভোটারের উপস্থিতিতে ভোট গ্রহণ করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Aug 2015, 11:23 PM

Updated : 25 Apr 2022, 01:44 PM

ভোটার উপস্থিতি ছিল ৬০ থেকে ৭০ শতাংশ। কলোম্বোর উত্তরের গাম্পালায় রেকর্ড সংখ্যক ৭০ থেকে ৭৮ শতাংশ ভোটার উপস্থিতি ছিল বলে জানিয়েছেন নির্বাচন পর্যবেক্ষকরা।

দেশের আগের নির্বাচনগুলোর তুলনায় এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি বেড়েছে, বলছে নির্বাচন কমিশন।

দেশজুড়ে ১২ হাজার ভোটকেন্দ্রে সোমবার স্থানীয় সময় সকাল ৭ টায় ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকাল ৪টা পর্যন্ত।ভোট গণনার পর মঙ্গলবার সকাল থেকে ফল আসবে বলে আশা করা হচ্ছে। 

নির্বাচন কমিশনার মাহিন্দা দেশপ্রিয়া বলেছেন, ছোটখাট কয়েকটি অভিযোগ ছাড়া ভোট নির্বিঘ্নেই হয়েছে। তিনি বলেন, “আমরা একটি শান্তিপূর্ণ, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন করতে পেরে আনন্দিত।”

এ নির্বাচনকে দেশটির সাবেক প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসের ক্ষমতায় ফিরে আসার গণভোট হিসাবে বিবেচনা করা হচ্ছে, অপরদিকে প্রেসিডেন্ট নির্বাচনে হারিয়ে রাজাপাকসেকে ক্ষমতা থেকে বিদায় করা

সংস্কারপন্থি জোট ভোটারদের শক্তিশালী সমর্থনের আশায় আছে।

মাহিন্দা রাজাপাকসে জানুয়ারির মধ্যবর্তী নির্বাচনে তার সাবেক স্বাস্থ্যমন্ত্রী মাইথ্রিপালা সিরিসেনার কাছে হেরে গিয়েছিলেন। কিন্তু সোমবার তিনি আবার ক্ষমতায় ফিরে আসার ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন। দক্ষিণাঞ্চলের ভোটকেন্দ্রে ভোট দেয়ার পর তিনি জনগণকে শান্তিপূর্ণভাবে জয় উদযাপন করার আহ্বান জানান।

রাজাপাকসে ইউনাইটেড পিপলস ফ্রিডম এলায়েন্সের (ইউপিএফএ) প্রার্থী হিসাবে নির্বাচনে অংশ নিচ্ছেন। তিনি ব্যাপক ভোটে আসন জিতলে এবং ইউপিএফএ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেলে দলটির নেতৃত্বে থাকা প্রেসিডেন্ট সিরিসেনা প্রধানমন্ত্রী হিসাবে রাজাপাকসের নাম ঘোষণা করার জন্য চাপের মুখে পড়বেন। তবে এ সম্ভাবনা নাকচ করেছেন সিরিসেনা।

শ্রীলংকার সিংহলী-ভাষী বৌদ্ধরা ২০০৯ সালে তামিল বিদ্রোহ দমনের জন্য রাজাপাকসেকে ‘বীর’ হিসাবেই দেখে। কিন্তু বিরোধীরা তার বিরুদ্ধে দুর্নীতিগ্রস্ত সরকার এবং কঠোর শাসন পরিচালনার অভিযোগ করে আসছে। এ সব অভিযোগ অস্বীকার করেছেন রাজাপাকসে।

রাজাপাকসেকে হারানোর জন্য জানুয়ারিতে ইউপিএফএ’র প্রধান প্রতিপক্ষ ইউনাইটেড ন্যাশনাল পার্টির (ইউএনপি) সঙ্গে একটি আন্তঃপার্টি জোট গঠন করেন সিরিসেনা। ইউএনপি-র নেতা রনিল বিক্রমসিংহ প্রধানমন্ত্রী হয়েছেন।

নির্বাচনী প্রচারের সময় ফাঁস হওয়া একটি চিঠিতে রাজাপাকসের বিরুদ্ধে দলকে জিম্মি করে রাখার অভিযোগ করেন সিরিসেনা। একইসঙ্গে তিনি তাকে প্রধানমন্ত্রী করার সম্ভাবনাও নাকচ করেন।

সম্প্রতি সিরিসেনা পার্টি নেতা হিসাবে তার প্রভাব খাটিয়ে রাজাপাকসের অনুগতদেরকে গুরুত্বপূর্ণ পদগুলো থেকে সরিয়েও দিয়েছেন।

সোমবারের পার্লামেন্ট নির্বাচনে দুই প্রধান প্রার্থী হচ্ছেন ইউপিএফএ প্রার্থী ও প্রধানমন্ত্রী রনিল বিক্রমসিংহ এবং সাবেক প্রেসিডেন্ট রাজাপাকসে।

দক্ষিণাঞ্চলের গ্রামের বাড়ি হামবানতোতায় ভোট দিয়ে জয়ের ব্যাপারে আস্থা প্রকাশ করেছেন রাজাপাকসে।

নির্বাচনী প্রচারাভিযানে রাজাপাকসে দারিদ্র্য বিমোচন এবং সরকারি কর্মীদের বেতন বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছেন। শিক্ষাসহ অন্যান্য খাতেও নজর দেবেন বলে জানিয়েছেন তিনি। তাছাড়া, ছয়মাসের মধ্যে দেশে একটি নতুন সংবিধান চালুরও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।