নিখোঁজ বিমানের আরো ধ্বংসাবশেষ খুঁজছে ফ্রান্স
ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নের আশেপাশে আকাশ, স্থল ও পানিপথে নিখোঁজ বিমান এমএইচ৩৭০ এর আরো ধ্বংসাবশেষের খোঁজ করছে ফ্রান্স।
প্রতিবেশী মরিশাস ও মাদাগাস্কার দ্বীপকেও তাদের উপকূলীয় এলাকায় জোর তল্লাশি চালানোর অনুরোধ করা হয়েছে।
শুক্রবার সকাল থেকেই সামরিক বিমানে করে রিইউনিয়নের চারপাশে নতুন করে এমএইচ৩৭০ এর খোঁজ শুরুর কথা এক বিবৃতিতে জানিয়েছে ফ্রান্স সরকার। পাশাপাশি চলবে হেলিকপ্টারে, নৌকায় এবং পায়ে হেঁটে অনুসন্ধান।
নিহত যাত্রীদের স্বজনদের বেদনা অনুভব করেই ফ্রান্স বিমানটি খুঁজে বের করার আন্তর্জাতিক প্রক্রিয়ায় পূর্ণ ভূমিকা পালন করবে বলে এক বিবৃতিতে জানিয়েছে।
গত বছর মার্চে ২৩৯ জন আরোহী নিয়ে কুয়ালালামপুর থেকে বেইজিংয়ের উদ্দেশে উড্ডয়নের পর উধাও হয় মালয়েশিয়া এয়ারলাইন্সের এ উড়োজাহাজ। পরে রাডারের তথ্যে বিমানটি নির্দিষ্ট রুট ছেড়ে পুরোপুরি উল্টোদিকে ভারত মহাসাগরেরদিকে চলে যায় বলে ইঙ্গিত মেলে।
সর্বশেষ এক সপ্তাহ আগে প্রত্যন্ত ভারত মহাসাগরীয় দ্বীপ রিইউনিয়নে বিমানের ধ্বংসাবশেষ পাওয়া যায়। এরপর সেটি নিয়ে ফ্রান্সে পরীক্ষা শুরু হয়।
দ্বীপ এলাকায় পাওয়া উড়োজাহাজের ডানার অংশটি নিখোঁজ এমএইচ৩৭০ ফ্লাইটেরই অংশ বলে মালয়েশিয়া সরকার বুধবার নিশ্চিত করে।
তবে, ফ্রান্সের বলেছে,খন্ডাংশটি নিঃসন্দেহে বোয়িং ৭৭৭ এর অংশ।কিন্তু এ টুকরোটি এমএইচ৩৭০ এর কিনা সে বিষয়ে নিশ্চিত হতে আরো কিছু পরীক্ষা নিরীক্ষার দরকার।
দু’পক্ষের এমন মিশ্র বক্তব্যে এরই মধ্যে ক্ষোভ প্রকাশ করেছেন নিহতের স্বজনেরা। বিমানটির বেইজিং কার্যালয়ের সামনে অনেক চীনা নাগরিক এর প্রতিবাদও জানিয়েছেন।
মালয়েশিয়ার পরিবহন মন্ত্রী লিও তিয়ং বিমানটির ডানা ছাড়াও আরো কিছু অংশ দ্বীপটিতে পাওয়া গেছে বলে জানালেও এগুলো এমএইচ৩৭০ এর কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।
তবে অস্ট্রেলিয়ার উপ-প্রধানমন্ত্রীর মুখপাত্র বলেছেন, নতুন পাওয়া অন্যান্য অংশগুলো এমএইচ৩৭০ এর না বলেই মনে করছেন তারা। সাগরে বিমান অনুসন্ধান অভিযানের নেতৃত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া।
তবে ফ্রান্স বলছে, বিমানটির আর কোনো ধ্বংসাবশেষ উদ্ধার করা হয়নি।
