মুম্বাইয়ে ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে ১১
ভারতের পশ্চিমাঞ্চলীয় শহর মুম্বাইয়ে একটি ভবনধসে নিহতের সংখ্যা বেড়ে অন্ততপক্ষে ১১ জনে দাঁড়িয়েছে।
পুলিশের বরাতে বিবিসি বলছে, ধসে যাওয়া তিনতলা ভবনের নিচে অনেকেই আটকা পড়ে রয়েছেন।
মঙ্গলবার এই দুর্ঘটনা ঘটেছে।
প্রতিবেদনসূত্রে জানা গেছে, শহরের মিউনিসিপ্যালিটি এই ভবনকে পুরাতন ও বসবাসের অনুপযুক্ত ঝুঁকিপূর্ণ ঘোষণা করার পরও বাসিন্দারা এই ভবন ছাড়তে অস্বীকৃতি জানিয়েছিলেন।
দুই বছরে মুম্বাইয়ে আবাসিক ভবন ধসে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন।
মুম্বাইয়ে বাড়ি-জমির মূল্য ও ভাড়া এশিয়ার মধ্যে অন্যতম সর্বোচ্চ। এ কারণে অনেক নাগরিক পুরাতন ও জীর্ণ ভবনে বসবাস করতে বাধ্য হচ্ছেন।
শহরটির ১ কোটি ৮০ লাখ মানুষের প্রায় ৬০ ভাগই বস্তি ও কাচা বাড়িতে বাস করেন।
মুম্বাইয়ের ১৪ হাজারেরও বেশি বাড়ি ৭০ বছরেরও বেশি পুরনো।
নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের কারণে ভারতে অনেক ভবন ধসের ঘটনা ঘটে বলে অভিযোগ রয়েছে।
