জরায়ুমুখ ক্যান্সারের টিকা দেওয়ার বয়স কত?
নারীর জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে অত্যন্ত কার্যকর এই টিকা দিতে সচেতনতা ও প্রচার বাড়ছে বিশ্বে।
স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ হচ্ছে, বয়ঃসন্ধিবেলা শুরু হতেই এবং যৌনজীবন শুরু করার আগেই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস বা এইচপিভি টিকা নিতে হবে।
ভেরি ওয়েল হেলথ ডটকম এক প্রতিবেদনে জানিয়েছে, নারীর জরায়ুমুখ ক্যান্সারে মৃত্যু কমিয়ে আনতে অত্যন্ত কার্যকর এই টিকা দিতে সচেতনতা ও প্রচার বাড়ছে বিশ্বে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) বলছে, ১১ থেকে ১২ বছর বয়স হলেই এই টিকা দিতে হবে। তবে নয় বছর বয়স থেকেও এই টিকা দেওয়া যায়।
যদি কিশোরী বেলায় এইচপিভি টিকা দেওয়ার সুযোগ না মেলে, তাহলে পরিণত বয়সে এসেও টিকা দেওয়া জরুরি।
“তবে ২৭ থেকে ৪৫ বছর বয়সে এই টিকা দিলে চিকিৎসকের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নিতে হবে,” বলেন সেইন্ট জুড চিলড্রেনস রিসার্চ হসপিটালের এইচপিভি ক্যান্সার প্রিভেনশন প্রোগ্রামের পরিচালক হিথার ব্রান্ডট।
“কারণ এই বয়সে অনেকের শরীরে এইচপিভি চলে আসতে পারে। তেমন হলে টিকা দেওয়া ঠিক হবে কি না তা স্পষ্ট করে জানাতে পারবেন চিকিৎসক।”
২০২৩ সালের এক গবেষণায় বলা হয়, ৯ থেকে ১৪ বছর বয়সের মধ্যে এইচপিভি টিকার তিনটি ডোজ দিলে এরপর ১০ বছর পরেও স্বাস্থ্য সুরক্ষা মেলে।
