১৬ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

চূড়ান্ত লটারি হল বঙ্গবন্ধু কুইজের

মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত ১০০ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজ’ প্রতিযোগিতার চূড়ান্ত লটারি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2021, 09:42 PM

Updated : 02 Aug 2022, 06:29 PM

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির উদ্যোগে রোববার বিকেলে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের অডিটোরিয়ামে এই লটারি হয়।

জাতীয় কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ১ ডিসেম্বর থেকে গত ১০ মার্চ পর্যন্ত ১০০ দিন ধরে এই অনলাইন কুইজ প্রতিযোগিতা চলে।

৬৭ লাখ ৩০ হাজার ৩৭৩টি সঠিক উত্তরের মধ্য থেকে কম্পিউটার নিয়ন্ত্রিত লটারির মাধ্যমে ১০০ জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে বেছে নেওয়া হয়।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ‘সুবিধাজনক সময়ে’ বিজয়ীদের মধ্যে পুরষ্কার বিতরণ করবেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শিক্ষা মন্ত্রণালয় ও বাংলাদেশ বিশ্বিবিদ্যালয় মঞ্জুরি কমিশনের সহযোগিতায় আয়োজিত প্রতিযোগিতার ‘স্ট্র্যাটেজিক পার্টনার’ ছিল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ।

তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী দীপু মনি, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক কামাল আবদুল নাসের চৌধুরী। কুইজ অনুষ্ঠানে উপস্থাপনা করেন প্রিয় ডটকমের প্রধান নির্বাহী জাকারিয়া স্বপন।