২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৬৮তম ওয়ার্ল্ড মিডিয়া কংগ্রেস কলম্বিয়ায়

৬৮তম ওয়ার্ল্ড মিডিয়া কংগ্রেস আগামী বছর কলম্বিয়ার কার্তাহেনায় অনুষ্ঠিত হবে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2015, 02:34 AM

Updated : 25 Apr 2022, 01:27 PM

২০১৬ সালের ৮ থেকে ১০ জুন অনুষ্ঠেয় এই কংগ্রেসের সঙ্গে একইসাথে ২৩তম ওয়ার্ল্ড এডিটরস ফোরাম ও ২৬তম ওয়ার্ল্ড অ্যাডভারটাইজিং ফোরাম বসবে।

এই আয়োজনে অংশ নিতে বিশ্ব গণমাধ্যমকে আমন্ত্রণ জানিয়েছে সংবাদপত্র ও প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন ‘ডব্লিউএএন-আইএফআরএ’।

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে ওয়ার্ল্ড নিউজপেপার কংগ্রেস ও ওয়ার্ল্ড এডিটরস  ফোরামের সমাপনীতে বুধবার এই আমন্ত্রণ জানানো হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

এবারের কংগ্রেসে বিশ্বের বিভিন্ন দেশের ৯০০ সংবাদ প্রকাশক, প্রধান সম্পাদক এবং সংবাদপত্রের অন্যান্য জ্যেষ্ঠ নির্বাহীরা অংশ নেন।

http://www.wan-ifra.org/cartagena2016 এ লিংকে গিয়ে আগামী বছর কলাম্বিয়ায় অনুষ্ঠেয় কংগ্রেস ও ফোরাম সম্পর্কিত তথ্য পাওয়ার পাশাপাশি নিবন্ধন করা যাবে।

কলম্বিয়ান নিউজপেপার অ্যাসোসিয়েশনের (এনডিআইএআরআইওএস) সভাপতি ও ভ্যানগার্ডিয়া লিবারেলের প্রধান নির্বাহী আলেহান্দ্রো আলভিস বলেন, ৬৮তম ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস আয়োজনের সুযোগ পেয়ে তারা আনন্দিত ও সম্মানিত বোধ করছেন।

ডব্লিউএএন-আইএফআরএ’র প্রধান নির্বাহী ভিনসেন্ট পেরেগনে বলেন, “ল্যাটিন আমেরিকায় আবার কংগ্রেস অনুষ্ঠানের সুযোগ প্রদান এবং গত পাঁচ বছর ধরে এই অঞ্চলে আমরা যে কাজ করেছি তার প্রতি সংহতি জানানোয় আমাদের কলম্বিয়ান সহকর্মীদের প্রতি আমরা খুব কৃতজ্ঞ।

“এই আয়োজন সফল হবে বলে আমরা নিশ্চিত: কার্তাহেনা সারা বিশ্বের পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় স্থান, এই মহাদেশের একটি প্রখ্যাত কনভেনশন সেন্টার, এবং ডব্লিউএএন-আইএফআরএ’র মূল নীতি ‘গণমাধ্যমের স্বাধীনতা ও অব্যাহত উদ্ভাবন’কে জোরালোভাবে ধারণ করে ল্যাতিন আমেরিকার নিউজ পাবলিশিং ইন্ডাস্ট্রি।”

২০১৬ সালে দ্বিতীয়বারের মতো ল্যাতিন আমেরিকায় ওয়ার্ল্ড নিউজ মিডিয়া কংগ্রেস অনুষ্ঠিত হবে। এর আগে ২০০০ সালে রিও ডি জেনেরিওতে হয় প্রথম কংগ্রেস।

ফ্রান্সের প্যারিস ও জার্মানির ফ্রাংকফুর্টভিত্তিক ‘ডব্লিউএএন-আইএফআরএ’ বিশ্বের সংবাদপত্র ও প্রকাশকদের আন্তর্জাতিক সংগঠন। ভারত ও সিঙ্গাপুরেও এর অফিস রয়েছে।

বিশ্বের ১২০টির বেশি দেশের তিন হাজারের বেশি কোম্পানি, ১৮ হাজারের বেশি পাবলিকেশন এবং ১৫ হাজার অনলাইন সাইটের প্রতিনিধিত্ব করে এই সংগঠন।

গণমাধ্যমের স্বাধীনতা, পেশাদারি সাংবাদিকতা এবং সম্পাদকীয় স্বচ্ছতা রক্ষা ও তা এগিয়ে নেওয়া এবং এর সমৃদ্ধ ব্যবসার উন্নয়নই এ সংগঠনের মূল লক্ষ্য।