২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বাক স্বাধীনতা না থাকলে টিকবে না গণতন্ত্র’

বাক স্বাধীনতা হরণের বিরুদ্ধে উচ্চকণ্ঠ হয়ে জার্মানির বন শহরে শুরু হয়েছে গ্লোবাল মিডিয়া ফোরাম-২০১৬।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মারুফ মল্লিক, বন (জার্মানি) থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 09:46 PM

Updated : 11 Oct 2022, 08:21 PM

পুরনো খবর:

বাংলাদেশে ব্লগার খুন নিয়ে তথ্যচিত্র জিতল ‘দ্য ববস’ পুরস্কার

সারাবিশ্বের ১০০টি দেশের দুই হাজারের বেশি গণমাধ্যমের প্রতিনিধি ও বিশেষজ্ঞদের নিয়ে সোমবার তিন দিনের এই বার্ষিক সম্মেলনের উদ্বোধন হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ডয়েচে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ বলেন, “বাক স্বাধীনতা পুরোপুরি হরণ করা হলে সমাজে গণতন্ত্রের পতন ঘটবে। যখন এ ধরনের পরিস্থিতি উপস্থিত হবে, তখন আমাদের সবাইকে মত প্রকাশের স্বাধীনতাকে তুলে ধরার জন্য কণ্ঠ উচ্চকিত করতে হবে।”

তিনি বলেন, যদি সবাই স্বাধীনভাবে মত প্রকাশ করতে পারে, তবেই সমাজে ইতিবাচক টেকসই পরিবর্তন আসবে।

Image
ডয়েচে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ

ডয়েচে ভেলের মহাপরিচালক পিটার লিমবুর্গ

 

জার্মানির আন্তর্জাতিক সম্প্রচার মাধ্যমের মহাপরিচালক লিমবুর্গ বিশ্বের বিভিন্ন দেশে বাক স্বাধীনতা সীমিত করায় হতাশা প্রকাশ করেন।

“মত প্রকাশের সুযোগ নিশ্চিত করার বদলে বিভিন্ন দেশে নানা ধরনের আইন করে তা আরও সীমাবদ্ধ করা হচ্ছে।”

তুরস্কের কথা উল্লেখ করে তিনি বলেন, সেখানে সরকার গণমাধ্যমকর্মীদের বরখাস্ত করছে। জেলে পাঠাচ্ছে সন্ত্রাসী তকমা দিয়ে। এছাড়াও পোল্যান্ড ও হাঙ্গেরিতে ক্ষমতাসীন রক্ষণশীল দলগুলোও মতপ্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ করছে।

নিজ দেশ জার্মানির বিষয়ে লিমবার্গ বলেন, এখানেও মত প্রকাশের স্বাধীনতার বিরোধীরা সক্রিয়। ডানপন্থি দলগুলোর মতভিন্নতা ও সহনশীলতার ক্ষেত্রে সমস্যা রয়ে গেছে।

অনুষ্ঠানে জার্মানির প্রেসিডেন্ট ইওয়াখিম গাউক ভিডিও বার্তার মাধ্যমে বক্তব্য দেন।

তিনি বলেন, “আগের যে কোনো সময়ের তুলনায় বর্তমানে তথ্যের অবাধ প্রবাহ রয়েছে। তবে আমাদের চিন্তাকে মূল্যবোধের ভিত্তিতে কীভাবে পরিচালিত করা যায়, তা নিয়ে আলোচনা করতে হবে।”

অবাধ তথ্য প্রবাহের সঙ্গে ভুল ও বিকৃত তথ্য এড়ানোর বিষয়টিও নজরে রাখার পরামর্শ দেন জার্মান প্রেসিডেন্ট। এক্ষেত্রে গণমাধ্যমের দায়িত্বশীল আচরণ প্রত্যাশা করেন তিনি।

Image
পিয়ানোতে আহাম আহামাদ

পিয়ানোতে আহাম আহামাদ

 

সম্মেলনে জার্মানির ইউরোপবিষয়ক মন্ত্রী মিশায়েল রোট বলেন, কোনো দেশে দীর্ঘ সময় ধরে নাগরিক অধিকার লঙ্ঘন করা হলে সেই দেশ, সমাজ স্থিতিশীল থাকতে পারে না।

ডয়েচে ভেলের আয়োজনে আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলমান এই সম্মেলনের এবারের উপজীব্য- ‘গণমাধ্যম, স্বাধীনতা ও মূল্যবোধ’।

সম্মেলনের শুরুতে পিয়ানো বাজিয়ে সবাইকে মুগ্ধ করেন যুদ্ধপীড়িত সিরিয়া থেকে আসা আহাম আহামাদ।

সম্মেলনের দ্বিতীয় দিন মঙ্গলবার ‘দ্য ববস’ পুরস্কার বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।