ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালে অভিযান, সিলগালা-জরিমানা
নানা অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া শহরে একটি বেসরকারি হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ সিলগালা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই আদালত আরও কয়েকটি স্বাস্থ্য কেন্দ্রকে অর্থদণ্ড করেছে।
বুধবার দুপুরে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সাব্বির আহমেদ।
অভিযান শেষে সাব্বির আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিয়ম-নীতি না মানার কারণে এবং হাসপাতালে কর্তব্যরত সেবিকা ও প্রযুক্তিবিদদের (টেকনোলজিস্ট) সনদ না থাকায় এসব শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
হাসপাতালগুলো হলো পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ক্রিস্টেন্ট ডায়াগনস্টিক সেন্টার, নকশী বাংলা ডায়াগনস্টিক সেন্টার, হলি ক্রিসেন্ট ডায়াগনস্টিক সেন্টার জেনারেল হাসপাতাল, খৈয়াম ডায়াগনস্টিক সেন্টার ও নিউ ল্যাব এইড ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতাল।
তিনি বলেন, পপুলার, ক্রিস্টেন্ট, নকশি ও খৈয়ামকে বিভিন্ন অংকের টাকা জরিমানা করা হয়েছে।
এছাড়া হলি ক্রিসেন্ট হাসপাতালের অস্ত্রোপচার কক্ষ (ওটি) সিলগালা করে দেওয়া হয় বলে জানান তিনি।
