২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কাঁটাবনে দুই কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ

তুচ্ছ বিষয় নিয়ে কথা কাটাকাটির জেরে রাজধানীর কাঁটাবনে ওয়েস্টার্ন কলেজ ও এমসিইটি ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2014, 08:27 PM

Updated : 22 Aug 2022, 07:04 PM

বুধবার দুপুরে এই সংঘর্ষের সময় ওয়েস্টার্ন কলেজ ভবনের বাইরের কিছু অংশে ভাঙচুর করা হয় বলেও প্রত্যক্ষদর্শীরা জানান।

ভাংচুরের জন্য এমসিইটি কলেজের শিক্ষার্থীদের দায়ী করে ওয়েস্টার্ন কলেজের পদার্থ বিজ্ঞানের শিক্ষক মো. রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোনো কিছু বুঝে ওঠার আগেই এমসিইটির শিক্ষার্থীরা আমাদের কলেজে ইটপাটকেল নিক্ষেপ এবং ভাংচুর চালিয়েছে।”

তবে কি কারণে এ ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানাতে পারেনি এমসিইটি ইঞ্জিনিয়ারিং কলেজ কর্তৃপক্ষ।

কলেজের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষক আরিফ বিল্লাহ বলেন, “আমরা এখনো প্রকৃত ঘটনা জানি না। খোঁজ-খবর নিয়ে মীমাংসা করার চেষ্টা করব।”

তবে ওয়েস্টার্ন কলেজের শিক্ষার্থীরা বলছেন, কয়েকদিন আগে ধূমপান নিয়ে তাদের কলেজের এক শিক্ষার্থীর সঙ্গে এমসিইটি কলেজের এক শিক্ষার্থীর কাটাকাটি ও হাতাহাতি হয়। সেই ঘটনাকে কেন্দ্র করেই ‘হামলা চালায়’ এমসিইটির ছাত্ররা।

ঘটনাস্থলে উপস্থিত নিউ মার্কেট থানার এসআই লুৎফল কবির বলেন, “দুটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে মারামারি হয়েছে।তবে এতে কেউ আহত হয়েছে বলে শুনিনি।”